সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,

আগামী ১২ নভেম্বর থেকে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম চালু হচ্ছে

জাতীয় ডেস্ক

নভেম্বর ৯, ২০২৬, ০১:০৯ পিএম

আগামী ১২ নভেম্বর থেকে নতুন ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম চালু হচ্ছে

প্রতীকী ছবি

যৌন মূলধন ও কোম্পানি নিবন্ধনের প্রক্রিয়া আরও সহজ ও স্বয়ংক্রিয় করতে যাচ্ছে জয়েন্ট স্টক কোম্পানিস অ্যান্ড ফার্মস রেজিস্ট্রার (আরজেএসসি)। আগামী ১২ নভেম্বর থেকে নতুন একটি ইলেকট্রনিক বিজনেস রেজিস্ট্রেশন সিস্টেম (ইবিআরএস) চালু করা হচ্ছে। এর ফলে ব্যবসায়ীরা আরজেএসসির কার্যালয়ে সশরীরে না গিয়ে অনলাইনে কোম্পানির নিবন্ধন, নাম ছাড়পত্র, অংশীদারি ব্যবসা ও সোসাইটি নিবন্ধনের মতো মূল সেবাগুলো ঘরে বসেই সম্পন্ন করতে পারবেন।

আরজেএসসি জানিয়েছে, নতুন এই প্ল্যাটফর্মে রিয়েল-টাইম বা তাৎক্ষণিক পরিচয় যাচাই, শেয়ারহোল্ডার ও পরিচালকদের ইলেকট্রনিক সম্মতি, ডিজিটাল স্বাক্ষর এবং কর-সংক্রান্ত নথিপত্র অনলাইনে যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে। এটি ধীরে ধীরে ডিজিটাল নিবন্ধনের দিকে রূপান্তরের একটি ধাপ। আগামী ১২ নভেম্বর সকাল ১০টা থেকে নতুন ইবিআরএস-এর নাম ছাড়পত্র ও নিবন্ধনের মডিউলগুলো চালু হবে। প্রযুক্তিগত রূপান্তরের কাজের সুবিধার জন্য বর্তমান ই-সার্ভিস সিস্টেম আগামী ৯ নভেম্বর বিকেল ৫টা থেকে ১২ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে।

নতুন প্ল্যাটফর্মে আবেদন করতে উদ্যোক্তাদের নির্দিষ্ট ওয়েবসাইটের পাশাপাশি আরজেএসসির বর্তমান পোর্টালে দেওয়া লিংকের সাহায্য নিতে হবে। এই পদ্ধতির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ইলেকট্রনিক কর শনাক্তকরণ নম্বর (ই-টিআইএন) এবং মোবাইল নম্বর রিয়েল-টাইমে যাচাই করা। আবেদনকারীর নিজস্ব এনআইডির বিপরীতে মোবাইল নম্বর নিবন্ধিত না থাকলে সিস্টেম তা গ্রহণ করবে না এবং ব্যর্থ ব্যক্তি শেয়ারহোল্ডার বা পরিচালক হিসেবে যুক্ত হতে পারবেন না।

দেশীয় শেয়ারহোল্ডার ও পরিচালকদের পাশাপাশি বিদেশি নাগরিকদের ক্ষেত্রেও পাসপোর্ট নম্বর ও স্ক্যান করা কপি দিয়ে পরিচয় নিশ্চিত করার নিয়ম রাখা হয়েছে। এছাড়া নতুন নিয়মে শেয়ারহোল্ডার, পরিচালক ও অংশীদারদের ইমেইলে সম্মতি লিংক পাঠানো হবে এবং মোবাইল বা ইমেইলে প্রাপ্ত ওয়ান-টাইম পাসওয়ার্ডের (ওটিপি) মাধ্যমে তা নিশ্চিত করতে হবে। সকলের সম্মতি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আবেদন পরবর্তী ধাপে এগোবে না।

প্রাথমিক পর্যায়ে প্রস্তাবিত কোম্পানির নাম স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক যাচাইয়ের পর আরজেএসসি কর্মকর্তাদের নজরে আসবে এবং ২৪ ঘণ্টার মধ্যে তা নিষ্পত্তি করার লক্ষ্য রয়েছে। নির্ধারিত মডেল স্মারকপত্র ও সংঘবিধি ব্যবহার করে আবেদন করলে এবং প্রয়োজনীয় ফি ও পরিচয় যাচাই সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে তাত্ক্ষণিকভাবে নিবন্ধন সনদ দেওয়া হবে। তবে কাস্টমাইজড স্মারকপত্র ও সংঘবিধির ক্ষেত্রে কর্মকর্তাদের বিস্তারিত যাচাই করতে হবে।

গত ১ জুলাই থেকে ৯ নভেম্বর পর্যন্ত জমা হওয়া সমস্ত আবেদন নতুন সিস্টেমের শর্ত সাপেক্ষে স্থানান্তরিত হবে। তবে যেসব খসড়া আবেদনের ফি পরিশোধ করা হয়নি, সেগুলোর আবেদন বাতিল বলে গণ্য হবে এবং নতুন নিয়মে পুনরায় আবেদন করতে হবে। ব্যবসা শুরু করার প্রক্রিয়া সহজ করতে এবং সময় ও ব্যয় কমাতে সরকারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই নতুন প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।