নভেম্বর ৭, ২০২৬, ১১:১৬ এএম
দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, আবার কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত।
রোববার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
সোমবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টির পরিধি বাড়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। ওই দিন চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়ে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
মঙ্গলবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন