মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

অবসরের গুঞ্জন ও অভিনয় জীবন নিয়ে মুখ খুললেন জেসিকা ল্যাঞ্জ

বিনোদন ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৪:৪১ এএম

অবসরের গুঞ্জন ও অভিনয় জীবন নিয়ে মুখ খুললেন জেসিকা ল্যাঞ্জ

জেসিকা ল্যাঞ্জ

কিংবদন্তি অভিনেত্রী জেসিকা ল্যাঞ্জ তার দীর্ঘ অভিনয় জীবন, অবসরের গুঞ্জন এবং মঞ্চনাটক অবলম্বনে নির্মিত নতুন সিনেমা বড় পর্দায় নিয়ে আসার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন। সম্প্রতি ভার্জিনিয়া ফিল্ম ফেস্টিভ্যালে ভিশনারি অ্যাওয়ার্ড অর্জনের পাশাপাশি তিনি তার নতুন চলচ্চিত্র ‍‍`লং ডেজ জার্নি ইনটু নাইট‍‍` উৎসবে প্রদর্শন করেন। এই আয়োজনে পডকাস্ট সাক্ষাৎকারে অংশ নিয়ে তিনি জানান, বয়সের কারণে অনেক চরিত্রের জন্য নিজেকে অনুপযুক্ত মনে হওয়াটাই স্বাভাবিক। তবে অভিনয়ের সমাপ্তি টানার ক্ষেত্রে মেরি টাইরোন চরিত্রটিকেই তিনি বেছে নিতে চান, কারণ এর চেয়ে বড় কোনো চরিত্রে তার আর অভিনয়ের সুযোগ নেই বলে মনে করেন তিনি।

৭৭ বছর বয়সী এই অভিনেত্রী গত ৫০ বছর ধরে বড় পর্দায় কাজ করে চলেছেন। অভিনয়ের বিরল অর্জন ‍‍`ট্রিপল ক্রাউন অব অ্যাক্টিং‍‍` অর্থাৎ অস্কার, এমি এবং টনি অ্যাওয়ার্ড জয়ী সীমিত সংখ্যক শিল্পীদের একজন তিনি। খণ্ডকালীন মডেল হিসেবে কাজ করার সময় নির্মাতা দিনো দে লরেন্তিসের চোখে পড়ে ১৯৭৬ সালে ‍‍`কিং কং‍‍` সিনেমার মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক হয়। মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হওয়ায় তার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল।

ধীরে ধীরে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ান এই অস্কারজয়ী তারকা। বব ফসের ‍‍`অল দ্যাট জ্যাজ‍‍`, বব রাফেলসনের ‍‍`দ্য পোস্টম্যান অলওয়েজ রংস টুয়াইস‍‍`, সিডনি পোলকের ‍‍`টুটসি‍‍`সহ অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে স্মরণীয় অভিনয় করেন তিনি। আশির দশক থেকে নব্বইয়ের দশক জুড়ে তার অভিনীত ‍‍`ফ্রান্সেস‍‍`, ‍‍`কান্ট্রি‍‍`, ‍‍`সুইট ড্রিমস‍‍`, ‍‍`ক্রাইমস অব দ্য হার্ট‍‍`, ‍‍`মিউজিক বক্স‍‍`, ‍‍`কেপ ফিয়ার‍‍` ও ‍‍`ব্লু স্কাই‍‍` সিনেমাগুলো তাকে বিশ্বজুড়ে খ্যাতি এনে দেয়। এর মধ্যে ‍‍`টুটসি‍‍` এবং ‍‍`ব্লু স্কাই‍‍` সিনেমার জন্য তিনি দুটি একাডেমি পুরস্কার অর্জন করেন।

চল্লিশের কোঠায় পদার্পণ এবং মাতৃত্বের দায়িত্ব নেওয়ার পর তার ক্যারিয়ারে কিছুটা স্থবিরতা নেমে আসে। তবে পরবর্তীতে এইচবিও-এর সীমিত সিরিজ ‍‍`গ্রে গার্ডেনস‍‍`-এ অভিনয় করে এমি অ্যাওয়ার্ড জেতেন এবং রায়ান মারফির সাথে যুক্ত হয়ে ‍‍`আমেরিকান হরর স্টোরি‍‍` ও ‍‍`ফিউড: বেটি অ্যান্ড জোয়ান‍‍`-এর মতো জনপ্রিয় সিরিজে কাজ করে আবারও আলোচনায় আসেন।

তবে ল্যাঞ্জের কাছে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র হলো ‍‍`লং ডেজ জার্নি ইনটু নাইট‍‍`-এর মেরি টাইরোন। ২০০০ সালে লন্ডনের মঞ্চে এবং ২০১৬ সালে ব্রডওয়েতে এই চরিত্রে অভিনয় করে অলিভিয়ার অ্যাওয়ার্ড মনোনয়ন ও টনি পুরস্কার জিতেছিলেন তিনি। গত এক দশক ধরে এই নাটকটি বড় পর্দায় রূপ দেওয়ার চেষ্টা করছিলেন তিনি। ১৯০২ সালের কানেকটিকাটের মরফিন আসক্ত এই চরিত্রটিকে রূপালী পর্দায় আনতে গিয়ে অর্থায়ন সংকটসহ নানা জটিলতার মুখোমুখি হতে হয়। অবশেষে চিত্রনাট্যকার ডেভিড লিন্ডসে-অ্যাবায়ার এবং পরিচালক জোনাথন কেন্টের সাথে মিলে তিনি কাজটি সফলভাবে সম্পন্ন করেছেন।

বর্তমানে বিভিন্ন চলচ্চিত্র উৎসব ও নির্বাচিত প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এই সিনেমাটি। পাশাপাশি ‍‍`আমেরিকান হরর স্টোরি‍‍`র ত্রয়োদশ সিজনেও তাকে দেখা গেছে। অভিনয় জীবন ও অবসরের নানা আলোচনার মাঝে জেসিকা ল্যাঞ্জ স্পষ্ট করে দিয়েছেন যে তিনি এখনই অভিনয় ছাড়ছেন না।