মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৫:৪৯ এএম

বাকৃবিতে রেললাইনে আগুন দেওয়ার সময় ছাত্রলীগের দুই নেতা আটক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) রেললাইনে টায়ার জ্বালিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার সময় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে হাতেনাতে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরবর্তীতে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়। সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃতদের প্রক্টর কার্যালয়ে নেওয়ার পর পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ওই সময়ে বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে আগুন জ্বালিয়ে নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা চালাচ্ছিল কিছু ব্যক্তি। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় হাতেনাতে আটক করা হয় আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শৈবাল এবং অর্থ সম্পাদক নির্জনকে। তবে এ সময় আরও একজন ব্যক্তি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

আটকের পর ওই দুই নেতাকে প্রথমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় তাদের ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় পুরো ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সময় উপস্থিত ছিলেন বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোড়া. আতিকুর রহমান, সদস্যসচিব মো. শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবসহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্যাম্পাসে বিশৃঙ্খলা রোধে ছাত্রদলের এই ভূমিকা ছিল বলে জানান তারা।

ছাত্রদল নেতারা অভিযোগ করেন, বিগত সরকারের দোসররা সুনির্দিষ্টভাবে দেশকে অস্থিতিশীল করার বিভিন্ন পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। জাতীয়তাবাদী ছাত্রদল দেশের এই ক্রান্তিলগ্নে তা কোনোভাবেই বরদাশত করবে না। বিশ্ববিদ্যালয়ে আগুন দেওয়ার চেষ্টার মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে বলে জানান তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাকৃবির সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াসিন মার্কেটসংলগ্ন রেললাইনে টায়ার জ্বালানোর সময় দুজনকে আটক করা হয়েছে এবং এ সময় আরও একজন পালিয়ে গেছে। আটক দুজন আনন্দমোহন কলেজ শাখা ছাত্রলীগের নেতা বলে জানা গেছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।