নভেম্বর ১০, ২০২৬, ০৬:০১ এএম
রাজধানীর উত্তরা এলাকার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একটি হলের ভেতরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত মধ্যরাতে এসব ঘটনা ঘটে। এই বিস্ফোরণগুলোতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক এসব ঘটনার কারণে শিক্ষার্থী ও স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সোমবার দিবাগত মধ্যরাতে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। উত্তরা পশ্চিম থানা-পুলিশের পক্ষ থেকে প্রথমে ককটেল বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করা হলেও ঘটনার একটি ভিডিও ফুটেজ সামনে এসেছে। এছাড়া গোয়েন্দা সূত্রও ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর ও ডিউটি অফিসারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এমন কোনো ঘটনা তাদের জানা নেই বলে জানান। এর আগে সোমবার রাত ৯টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের উত্তরার জসিমউদ্দিন মোর্চে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। উত্তরা বিভাগে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ পরিদর্শক জসিমউদ্দিন মোড়ে ককটেল বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে অস্থিরতার মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আহসানউল্লাহ হলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১১টা ৪২ মিনিটের দিকে হলটির একটি কক্ষের জানালার পাশে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে জানালার কাচ ভেঙে কক্ষের ভেতরে ছড়িয়ে পড়ে। তবে বিস্ফোরণের সময় সংশ্লিষ্ট কক্ষের শিক্ষার্থীরা অন্যত্র থাকায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পান।
বুয়েটের শিক্ষার্থীরা জানান, আহসানউল্লাহ হলের ১৩৭ নম্বর কক্ষের জানালার পাশেই ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া ও কাচের টুকরা বিছানায় গিয়ে পড়ে। বিকট শব্দ ও আগুনের ফুলকি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে শিক্ষার্থীরা কক্ষ থেকে বাইরে বেরিয়ে আসেন। কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা আরও জানান, ঘটনাস্থল থেকে মোট তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে যার মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অপর দুটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ও বুয়েট প্রশাসনের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হন এবং অবিস্ফোরিত ককটেল দুটি উদ্ধার করেন। রাতের এই আকস্মিক বিস্ফোরণে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন