মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

আমি ধার্মিক মানুষ, তাই সম্ভবত স্বর্গে যাব: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০৫:৩৩ এএম

আমি ধার্মিক মানুষ, তাই সম্ভবত স্বর্গে যাব: ডোনাল্ড ট্রাম্প

বাইডেন হাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মৃত্যুর পর স্বর্গে যাওয়ার আশা করেন। কারণ হিসেবে তিনি নিজেকে একজন ধর্মবিশ্বাসী মানুষ হিসেবে উল্লেখ করেছেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, স্বর্গে প্রবেশের শর্ত হিসেবে যদি রাজনৈতিক প্রতিপক্ষদের ক্ষমা করতে হয়, তবে তিনি তা পারবেন না। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকার নেওয়ার সময় সাংবাদিক রস ডাউথ্যাট ট্রাম্পকে প্রশ্ন করেন, একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরার অভিজ্ঞতা তার নিজের মৃত্যু বা মৃত্যুর পরের জীবন সম্পর্কে ভাবনায় কোনো পরিবর্তন এনেছে কি না এবং মৃত্যুর পর কী ঘটবে বলে তিনি মনে করেন। জবাবে ট্রাম্প প্রথমে বলেন, তিনি আশা করেন মৃত্যুর পরও মানুষ তাকে মনে রাখবে। সাংবাদিক বিষয়টি পরিষ্কার করে জানতে চান যে ট্রাম্প নিজে কোথায় যাবেন বলে মনে করেন। তখন ট্রাম্প জানান, তিনি একজন ধার্মিক মানুষ এবং তাত্ত্বিকভাবে তিনি স্বর্গে যাওয়ার আশা করেন। তিনি নরকে যেতে চান না বলেও মন্তব্য করেন।

এরপর আলোচনায় খ্রিষ্টীয় ধর্মবিশ্বাসে ক্ষমার বিষয়টি সামনে নিয়ে আসেন সাংবাদিক। তিনি প্রশ্ন করেন, মৃত্যুর পর স্বর্গে যাওয়ার জন্য যদি জেমস কোমি ও ন্যান্সি পেলোসির মতো রাজনৈতিক প্রতিপক্ষদের ভালোবাসতে হয় এবং ক্ষমা করতে হয়, তবে ট্রাম্প তা পারবেন কি না। জবাবে ট্রাম্প বলেন, যদি তিনি হ্যাঁ বলেন, তবে সেটি তার প্রকৃত অবস্থান হবে না। তিনি এই ব্যক্তিদের ‘চরম অসৎ’ এবং দেশের জন্য ক্ষতিকর হিসেবে অভিহিত করেন। ট্রাম্প আরও বলেন, উত্তর হলো না, তিনি সত্যি কথাই বলতে চান।

সাংবাদিক তখন জানতে চান, জীবনের এত অর্জন ও সৌভাগ্যের পরও কেন ঈশ্বরের বিচারাসনে দাঁড়িয়ে শত্রুদের ক্ষমা করার মতো মন তার হবে না। এর জবাবে ট্রাম্প বলেন, সম্ভবত তিনি তাদের ক্ষমা করতে পারবেন না, কারণ তার কিছু শত্রুকে তিনি ঘৃণা করেন এবং সব সময়ই করবেন। উল্লেখ্য, বিগত এক দশকে ট্রাম্পের সমালোচক বা বিরাগভাজন রাজনৈতিক ব্যক্তিত্ব ও কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন আইনি তদন্ত ও মামলার মুখোমুখি হয়েছেন।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে জানতে চাওয়া হয়, আজ থেকে শতবর্ষ পর মানুষ তার শাসনামলকে কীভাবে স্মরণ করবে। এর জবাবে ট্রাম্প এক বাক্যে বলেন, তিনি আমেরিকাকে আবার মহান করেছেন এবং মানুষ মূলত এই বিষয়টিই মনে রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সম্প্রতি রিপাবলিকান পার্টির মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর নানা রাজনৈতিক সমীকরণের মধ্যেই ভিন্নধর্মী এই আলোচনাটি সামনে এল।

তথ্যসূত্র: সিবিএস নিউজ