নভেম্বর ১০, ২০২৬, ০৭:২৫ এএম
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পাঁচটি ককটেলসহ মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার ব্যবহৃত একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনার সময় তার সঙ্গে থাকা পলাশ (৪৫) নামের আরেক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন। সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টার ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী জনপথ মোড় ফ্লাইওভারের প্রবেশমুখে একটি পুলিশি চেকপোস্ট বসানো হয়েছিল। যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. এমরান হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে দায়িত্ব পালন করছিলেন। এমন সময় একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেলে করে দুই আরোহী চেকপোস্টের দিকে আসেন। পুলিশ তাদের থামার সংকেত দেয়।
থামার সংকেত পাওয়ার পর ওই দুই আরোহী মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। পরবর্তীতে যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ি ও এসআরইউ সদস্যদের যৌথ সহযোগিতায় ধাওয়া করে সাইফুল ইসলামকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলের পেছনে থাকা অপর আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পলাতক ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর এবং তার বাড়ি মানিকগঞ্জে বলে পুলিশ জানিয়েছে। তবে তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
আটকের পর তল্লাশির সময় সাইফুলের হাতে থাকা একটি বাজারের ব্যাগের ভেতর ধানের তুষ দেখতে পান দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়। পরে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা করেন এবং সেখান থেকে পাঁচটি ককটেল উদ্ধার করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া মোহাম্মদ সাইফুল ইসলামের বাবার নাম মৃত মোহাম্মদ খলিলুর রহমান। তার গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার ঝলম গ্রামের ১ নম্বর এলাকায়। বর্তমান তিনি রাজধানীর শাহজাহানপুর থানার মালিবাগ ফার্স্ট লেন এলাকায় বসবাস করে আসছেন। এই ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন