মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬,

আদাবরে পেট্রোলবোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১০, ২০২৬, ০১:২৫ এএম

আদাবরে পেট্রোলবোমা ও গানপাউডারসহ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

রাজধানীর আদাবর এলাকা থেকে পেট্রোলবোমা ও গানপাউডারসহ গ্রেপ্তার ছাত্রলীগের দুই নেতা।

রাজধানীর আদাবর এলাকা থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডারসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব হোসেন (২৯) এবং অপরজন মো. রাশেদ কবির (২৮)। তাদের মধ্যে মাহবুব হোসেনের বাড়িও ঠাকুরগাঁও জেলায় এবং তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এসআরবি-২-এর মিডিয়া কর্মকর্তা মেজর এম মুবীন রহমান তাপস জানান, সোমবার ভোররাতে নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, কয়েকজন দুষ্কৃতকারী নাশকতার পরিকল্পনা নিয়ে রাজধানীর আদাবর থানার শ্যামলী রিং রোড এলাকায় মোটরসাইকেল নিয়ে অবস্থান করছেন।

এই তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআরবি-২-এর সদস্যরা। অভিযানে সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেল আরোহী মাহবুব হোসেন ও রাশেদ কবিরকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ছয়টি পেট্রোলবোমা ও ৯৫০ গ্রাম গানপাউডার জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অভিযানের পর জানা গেছে, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং নাশকতামূলক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তারা আদাবরের শ্যামলী রিং রোড এলাকায় ওইসব বিস্ফোরকসহ অবস্থান করছিলেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।