বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,
বিমানবন্দর শুল্ক গোয়েন্দা

শাহজালালে দুই যাত্রীর কাছে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১০:২৫ এএম

শাহজালালে দুই যাত্রীর কাছে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সুবিধার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে। জব্দ করা এই মদের আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৩০ হাজার টাকা। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

চোরাচালান প্রতিরোধে বিমানবন্দরে বিশেষ নজরদারি বাড়িয়েছে শুল্ক বিভাগ। শাহজালাল বিমানবন্দরবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের বিমানবন্দরের প্রথম শিফটের কর্মকর্তারা সতর্ক অবস্থান নেন। এ সময় দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের যাত্রী রোমান মিকাইলভ গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার ব্যাগেজ স্ক্যান করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৭৮ দশমিক ৫০ লিটার বিদেশি মদ উদ্ধার করেন কর্মকর্তারা। জাতীয় রাজস্ব বোর্ড জানিয়েছে, ওই যাত্রী বিদেশি পাসপোর্টধারী হওয়ায় নির্ধারিত ব্যাগেজ বিধিমালা অনুযায়ী তাকে এক লিটার মদ শুল্কমুক্ত সুবিধায় নেওয়ার অনুমতি দেওয়া হয়। বাকি ৭৭ দশমিক ৫০ লিটার মদ সরকারি হেফাজতে আটক করা হয়।

অন্যদিকে গত ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে আসা বাংলাদেশি যাত্রী সামিউল ইসলাম গ্রিন চ্যানেল অতিক্রমকালে তার ব্যাগেজ স্ক্যান করা হয়। তল্লাশিতে তার কাছ থেকে পাওয়া যায় চার লিটার বিদেশি মদ, যার সম্পূর্ণটাই আটক করেন কাস্টমস কর্মকর্তারা। দুই যাত্রীর কাছ থেকে বৈধভাবে অনুমোদিত এক লিটার সুবিধা বাদ দিয়ে মোট ৮১ দশমিক ৫০ লিটার অতিরিক্ত মদ জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গ্রিন চ্যানেলসহ বিমানবন্দরের বিভিন্ন স্পর্শকাতর পয়েন্টে গোয়েন্দা নজরদারি, যাত্রী বিশ্লেষণ ও কঠোর চেকিংয়ের মাধ্যমে ব্যাগেজ সুবিধার অপব্যবহার বন্ধে এই নজরদারি নিয়মিত চলবে।