নভেম্বর ১৫, ২০২৬, ০৪:১৭ এএম
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের প্রথম ১০ মাসে দেশজুড়ে ১১ হাজারের বেশি অভিযান চালিয়ে প্রায় ৭০ হাজার বিদেশিকে আটক করা হয়েছে। একই সময়ে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে ৪৭ হাজারের বেশি অভিবাসীকে। ফলে বৈধ কাগজপত্র ছাড়া দেশটিতে অবস্থান করা বাংলাদেশিসহ বিভিন্ন বিদেশিদের জন্য পরিস্থিতি ক্রমেই কঠিন হয়ে উঠছে।
মালয়েশিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১১ হাজার ৭৫৫টি অভিযান চালানো হয়। পরবর্তীতে ১২ নভেম্বর দেশটির সংসদে দেওয়া সর্বশেষ তথ্যে অভিযানের সংখ্যা ১১ হাজার ৮০৮ এবং আটকের সংখ্যা ৭০ হাজার ১৯৫ জনে দাঁড়ায়। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩৮টির বেশি অভিযানে আটক হচ্ছেন প্রায় ২২৮ জন বিদেশি নাগরিক।
সর্বশেষ সেলাঙ্গর রাজ্যের কামপুং বারু সুবাং, আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় একযোগে অভিযান চালায় রাজ্য অভিবাসন বিভাগ। ‘অপস সাপু’, ‘অপস সেলেরা’ ও ‘অপস কুতিপ’ নামের পৃথক তিনটি অভিযানে আবাসিক এলাকা, খাবারের দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। অভিযানে ১৮ জন কর্মকর্তা অংশ নিয়ে মোট ৩৮ জনের কাগজপত্র যাচাই করেন।
সেলাঙ্গর অভিবাসন বিভাগের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অভিযানের সময় কয়েকজন বিদেশি নাগরিক বিভিন্ন সংকীর্ণ জায়গায় লুকানোর চেষ্টা করেন। তাদের একজন খাটের নিচে আশ্রয় নিলেও কর্মকর্তারা তা শনাক্ত করে বের করে আনেন। অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে এই অভিযানগুলো থেকে বাংলাদেশিসহ মোট ৩৪ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।
আমপাং ও হুলু লাঙ্গাত এলাকায় চালানো অভিযানে মিয়ানমার, ইন্দোনেশিয়া, ভারত ও পোল্যান্ডের নাগরিকরা আটকা পড়েন। এ ছাড়া বৈধ কাগজপত্র ছাড়া বিদেশি কর্মী নিয়োগের অভিযোগে এক নিয়োগকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কামপুং বারু সুবাংয়ে অনুমতি ছাড়া জুমার নামাজ পরিচালনার অভিযোগে ইসলামিক ধর্মবিষয়ক বিভাগ ১২৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও সেখানে কোনো অভিবাসন লঙ্ঘন পাওয়া যায়নি।
প্রত্যেক বিদেশি কর্মীর বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র নিশ্চিত করতে নিয়োগকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছে সেলাঙ্গর অভিবাসন বিভাগ। অবৈধ অভিবাসীদের অবস্থান রোধে এই নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রাখা হয়েছে।
এদিকে অবৈধ অভিবাসীদের স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ দিতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি পিআরএম ২ দশমিক শূন্য চালু রেখেছে সরকার। কর্মসূচিটির মেয়াদ বাড়িয়ে আগামী ২০২৭ সালের ৩১ মে পর্যন্ত করা হয়েছে। নির্দিষ্ট শর্ত পূরণ ও জরিমানা দিয়ে এই কর্মসূচির আওতায় স্বেচ্ছায় নিজ দেশে ফেরার সুযোগ পাচ্ছেন অবৈধ প্রবাসীরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন