রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার মধ্যে ৫ জাহাজে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০৩:৪১ এএম

হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টার মধ্যে ৫ জাহাজে হামলা, মার্কিন ড্রোন ভূপাতিত

হরমুজ প্রণালী

মধ্যপ্রাচ্যের অত্যন্ত কৌশলগত হরমুজ প্রণালিতে সামুদ্রিক বাণিজ্যিক জাহাজ চলাচলে চরম ঝুঁকি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এই জলপথে অন্তত পাঁচটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে বেশ কয়েকটি তেলবাহী ট্যাংকার ও একটি সুপার ট্যাংকার নৌ-মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত ও অগ্নিদগ্ধ হয়েছে। নিরাপদ সামুদ্রিক পথ এড়িয়ে চলা এবং জাহাজের ট্র্যাকিং ও আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ রাখায় প্রণালিতে ঝুঁকির মাত্রা আরও বাড়ছে।

ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, সামুদ্রিক বাণিজ্যিক জাহাজে হামলার পাশাপাশি দেশটির কেশম দ্বীপের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ প্রিডেটর ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে ওয়াশিংটনের পক্ষ থেকে এই ড্রোন ভূপাতিত করার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। হরমুজ প্রণালিতে একাধিক তেলবাহী জাহাজে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ইরানের নৌবাহিনী ও বিপ্লবী গার্ড।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার হিসাব অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত প্রণালিটিতে ১৩৪টিরও বেশি জাহাজে হামলা চালানো হয়েছে। এই সংঘাতের জেরে এখন পর্যন্ত অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিকও রয়েছেন। ওয়াশিংটন ইনস্টিটিউট অব নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে গত অক্টোবরে হরমুজ প্রণালিতে সর্বোচ্চ ৩৭টি বাণিজ্যিক ও ট্যাংকার জাহাজে হামলা চালানো হয়।

তথ্যসূত্র: রয়টার্স