নভেম্বর ১৫, ২০২৬, ০২:৫৭ এএম
যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থার আকস্মিক বিপর্যয়ের পেছনে প্রতিরক্ষা ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রিস্ন টেকনোলজির কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছেন দেশটির পরিবহন সচিব শন ডাফি। গত শুক্রবারের এই বিপর্যয়ের কারণে দেশজুড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ ছিল, যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে দীর্ঘ ফ্লাইট স্থগিতের ঘটনা।
ওয়াশিংটনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পরিবহন সচিব শন ডাফি জানান, একটি প্রত্যন্ত ফেডারেল এভিয়েশন প্রশাসন সাইটে তামার তারের পরিবর্তে ফাইবার অপটিক বসানোর কাজ করছিল এলথ্রিস্ন। সে সময় একটি রাউটার অন্যান্য রাউটারে প্রতি চার থেকে পাঁচ সেকেন্ডে এক হাজারের বেশি সংযোগের অনুরোধ পাঠাতে শুরু করে, যার ফলে বিমান যোগাযোগ ও রাডার কার্যক্রমে মারাত্মক বিঘ্ন ঘটে।
ঘটনার ব্যাখ্যা দিয়ে শন ডাফি বলেন, এটি ইনস্টলেশনের কোনো ভুল ছিল নাকি ত্রুটিপূর্ণ রাউটারজনিত সমস্যা, তা নির্ধারণের চেষ্টা চলছে। এ ছাড়া তিনি মন্তব্য করেন, আমাদের এটি বুঝতে হবে এখানে কোনো অদক্ষতা বা দায়িত্বহীনতা কাজ করেছিল কি না। তবে এই বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলা বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে স্পষ্ট করেছেন সংশ্লিষ্ট কর্তাব্যক্তিরা।
শুক্রবার ফ্লাইট বন্ধ থাকার কারণে বাণিজ্যিক ফ্লাইটসহ প্রায় ১২ হাজার বিমান চলাচল করতে পারেনি। ফেডারেল এভিয়েশন প্রশাসনের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানিয়েছেন, বিমান ও ক্রুদের পুনর্বিন্যাস করতে গিয়ে শনিবারের নির্ধারিত ৪১ হাজার ফ্লাইটের মধ্যে চার থেকে পাঁচ হাজার ফ্লাইট বাতিল হতে পারে।
এই ঘটনার পর সরকারি ঠিকাদারদের কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহন সচিব। তিনি জানান, যতক্ষণ পর্যন্ত বিকল্প নেটওয়ার্ক তৈরি না হচ্ছে, ততক্ষণ তাদের এই ঠিকাদারি প্রতিষ্ঠানের ওপরই নির্ভর করতে হচ্ছে। পাশাপাশি এই পুরোনো এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা আধুনিকায়নের জন্য আগামী সোমবার কংগ্রেসের কাছে পাঁচ হাজার কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্দের আবেদন জানানো হবে।
এদিকে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো আশা করছে, আগামী রোববারের মধ্যে তাদের ফ্লাইট পরিচালনার পূর্ণ সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন