রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬,

আগামী পাঁচ বছরে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার

ফিচার ডেস্ক

নভেম্বর ১৫, ২০২৬, ০১:৩৩ এএম

আগামী পাঁচ বছরে ক্যানসার চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার

ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ বিষয়ক জাতীয় পরামর্শ সভা।

আগামী পাঁচ বছরে দেশের ক্যানসার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালীকরণ সংক্রান্ত জাতীয় পর্যায়ের অংশীজন পরামর্শ সভায় তিনি এই কথা জানান।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে অংশ নেয়। প্রাথমিক স্বাস্থ্যসেবায় নিয়োজিত কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

দেশে বর্তমানে ব্রেস্ট ক্যানসার, কলোরেক্টাল ক্যানসার ও ওরাল ক্যানসারে আক্রান্তের সংখ্যা বেশি বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। এসব রোগ প্রতিরোধে প্রাথমিক পর্যায়ে সচেতনতা তৈরি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ক্যানসার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে এই অংশীজন পরামর্শ সভা একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

দেশের প্রতিটি বিভাগীয় শহরে ক্যানসার হাসপাতাল প্রতিষ্ঠার সরকারি ঘোষণার কথা এ সময় পুনর্ব্যক্ত করা হয়।

ক্যানসার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, নিয়মিত স্ক্রিনিং এবং দ্রুত রোগ নির্ণয়ের সুযোগ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। ক্যানসার মোকাবিলা কেবল স্বাস্থ্য মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন বলে জানান তিনি।

দেশের ক্যানসার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রমে কার্যকর নীতিমালা প্রণয়নের পরিকল্পনা রয়েছে সরকারের।

এই লক্ষ্য বাস্তবায়নে ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল প্রোগ্রাম এবং ন্যাশনাল ক্যানসার কন্ট্রোল কাউন্সিল গঠন করা হবে বলে জানান ড. এম এ মুহিত। এর মাধ্যমে আন্তমন্ত্রণালয় সমন্বয় নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজীর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন।

অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোমেনা মণি, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তাফা আজিজ সুমন উপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ড. এন্থনি এশোফনিও অনুষ্ঠানে ক্যানসার চিকিৎসাসেবা শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরামর্শ সভার আলোচনা শেষে আগামী দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়।