শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১১:৩৩ পিএম

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রল ঢেলে আগুন দিল দুর্বৃত্তরা

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার চল্লিশা বাজারসংলগ্ন শাখাটিতে এ ঘটনা ঘটে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে। এতে কার্যালয়টির মূল ফটক, সীমানাপ্রাচীর ও সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্যাংকের নিরাপত্তাকর্মী বিষয়টি টের পেয়ে চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান ব্যাংক কর্মকর্তারা। এর আগে গত বুধবার গভীর রাতে একই শাখা থেকে সাদা স্কচটেপে মোড়ানো দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছিল পুলিশ।

পরপর এমন নাশকতার ঘটনা ঘটলেও ব্যাংক কর্তৃপক্ষ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। আগের ঘটনার পর ঊর্ধ্বতন কর্মকর্তারা অভিযোগ না করার নির্দেশ দিয়েছিলেন বলে জানান শাখা ব্যবস্থাপক শাহজাহান আলী। বর্তমান অগ্নিকাণ্ডের খবরটিও পুলিশকে কেবল মুঠোফোনে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নেত্রকোনা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, গ্রামীণ ব্যাংকের ওই শাখায় আগুন দেওয়ার বিষয়টি ব্যবস্থাপক মুঠোফোনে পুলিশকে অবহিত করেছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।