শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬,

ঘরেই যেভাবে তৈরি করবেন সুগন্ধি জেল ও অ্যালোভেরা জেল

ফিচার ডেস্ক

নভেম্বর ১৪, ২০২৬, ১০:৩৩ পিএম

ঘরেই যেভাবে তৈরি করবেন সুগন্ধি জেল ও অ্যালোভেরা জেল

ঘরে তৈরি সুগন্ধি ও অ্যালোভেরা জেল

সহজ কিছু উপাদান দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায় দীর্ঘস্থায়ী সুগন্ধি জেল। এই জেল তৈরির জন্য পেট্রোলিয়াম জেলি, পছন্দের সুগন্ধি বা এসেনশিয়াল অয়েল, পরিষ্কার কৌটো ও গরম পানি প্রয়োজন হয়।

প্রথমে পেট্রোলিয়াম জেলি ডবল বয়লার পদ্ধতিতে অথবা মাইক্রোওভেনে হালকা গরম করে গলিয়ে নিতে হবে। এরপর এতে প্রিয় সুগন্ধি স্প্রে করে কিংবা এসেনশিয়াল অয়েল মিশিয়ে একটি ছোট কৌটোয় সংরক্ষণ করতে হয়।

বাইরে যাওয়ার সময় কবজি, ঘাড় কিংবা কনুইয়ের মতো পালস পয়েন্টগুলোতে এই জেল ব্যবহার করা যায়। শরীরের তাপে জেলের সুবাস ধীরে ছড়িয়ে পড়ে এবং সারাদিন গায়ে থাকে।

অন্যদিকে শীতের মৌসুমে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে বাড়িতেই তাজা অ্যালোভেরা জেল বানিয়ে নেওয়া সম্ভব। মোটা ও সবুজ অ্যালোভেরা পাতা কেটে ল্যাটেক্স বা হলদে অংশ ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

পাতা থেকে খোসা ছাড়িয়ে ভেতরের স্বচ্ছ জেল চামচ দিয়ে তুলে ব্লেন্ডারে মিহি করে নিতে হয়। ব্লেন্ড করা এই জেল এয়ারটাইট বয়ামে রেখে ফ্রিজে সংরক্ষণ করলে এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

শীতকালে ত্বকের শুষ্কতা দূর করতে এবং চুল ভালো রাখতে এই ঘরোয়া জেল দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। দীর্ঘসময় সংরক্ষণের জন্য এতে ভিটামিন সি বা ভিটামিন ই পাউডার মিশিয়ে নেওয়া যায়।