শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ফ্রিজের যে খাবারগুলো বারবার গরম করে খেলে বাড়ে নানা স্বাস্থ্যঝুঁকি

ফিচার ডেস্ক

নভেম্বর ১৩, ২০২৬, ০৫:৩৩ এএম

ফ্রিজের যে খাবারগুলো বারবার গরম করে খেলে বাড়ে নানা স্বাস্থ্যঝুঁকি

ফ্রিজের খাবার বারবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে জীবনযাত্রার ব্যস্ততায় এই চর্চা স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে কিছু নির্দিষ্ট খাবার বারবার গরম করলে তাতে ব্যাকটেরিয়া জন্ম নেয় এবং খাদ্যে বিষক্রিয়া বা ফুড পয়জনিংয়ের আশঙ্কা তৈরি হয়। তাই কোন খাবারগুলো বারবার গরম করা উচিত নয় এবং কীভাবে সংরক্ষণ করা নিরাপদ, সে বিষয়ে সতর্কতা প্রয়োজন।

বাঙালির প্রধান খাদ্য ভাত অনেকেই আগের দিনের বাঁচা ফ্রিজে রেখে পরের দিন গরম করে খান। তবে রান্না করা ভাত ঠিকমতো সংরক্ষণ না করলে তাতে ব্যাসিলাস সেরিয়াস নামের ক্ষতিকর ব্যাকটেরিয়া জন্মাতে পারে। রান্নার পর ভাত দীর্ঘক্ষণ ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ফেলে রাখলে এই ঝুঁকি আরও বেড়ে যায়। তাই ভাত রান্নার পর দ্রুত ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে এবং খাওয়ার সময় কেবল যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকুই গরম করা উচিত।

চিকেনের তরকারি বা মাংসের ঝোল বারবার গরম করা থেকে বিরত থাকা উচিত। খাবার বারবার গরম ও ঠান্ডা করার ফলে তাপমাত্রার তারতম্য ঘটে, যা ব্যাকটেরিয়া বৃদ্ধির উপযুক্ত পরিবেশ তৈরি করে। পুরো পাত্রের খাবার একসঙ্গে বারবার গরম না করে ছোট ছোট পাত্রে ভাগ করে রাখা ভালো। একইভাবে মাছ এবং সামুদ্রিক খাবারও দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, তাই রান্নার পর অবশিষ্ট মাছ দ্রুত ফ্রিজে তুলে রেখে প্রয়োজনমতো গরম করতে হবে।

ডিমের তৈরি বিভিন্ন পদ যেমন অমলেট, স্ক্র্যাম্বলড এগ কিংবা ডিমের কারি রান্নার পর দীর্ঘক্ষণ বাইরে ফেলে রাখা অনুচিত। ডিমের খাবারে দ্রুত ব্যাকটেরিয়া জন্মানোর আশঙ্কা থাকে। পনির বাটার মশলা, ক্রিমি পাস্তা বা দুধ দিয়ে তৈরি বিভিন্ন সসের মতো দুগ্ধজাত খাবারও বারবার গরম করা উচিত নয়। এই ধরনের খাবারও ছোট পাত্রে ভাগ করে ফ্রিজে সংরক্ষণ করা এবং খাওয়ার সময় প্রয়োজনীয় অংশটুকু গরম করে নেওয়া নিরাপদ।

চিকিৎসকদের মতে, ফ্রিজের খাবার বারবার গরম করে নিয়মিত খাওয়া হজমশক্তি কমিয়ে দেয় এবং পেটে ব্যথা, গ্যাস্ট্রিকের মতো সমস্যা তৈরি করতে পারে। দীর্ঘমেয়াদে এ ধরনের খাবার খাওয়ার ফলে পুষ্টিগুণ নষ্ট হওয়ার পাশাপাশি অ্যানিমিয়া বা অস্টিওপোরেসিসের মতো রোগের ঝুঁকিও বাড়তে পারে। তাই বাসি বা ফ্রিজে রাখা খাবার বারবার গরম না করে টাটকা খাবার খাওয়ার অভ্যাস করা শরীরের সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।