বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: প্রতিমন্ত্রী

ফিচার ডেস্ক

নভেম্বর ১২, ২০২৬, ০৫:৪১ এএম

তারেক রহমানের নেতৃত্বকে ট্রান্সফরমেটিভ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: প্রতিমন্ত্রী

কপ-৩১ সম্মেলন চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বকে রূপান্তরমূলক বা ট্রান্সফরমেটিভ হিসেবে বিবেচনা করছেন বিভিন্ন দেশের বিশ্বনেতারা। তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানান, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের উচ্চ প্রশংসা করা হয়েছে। প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তাঁর এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বুধবার রাতে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ এবং নির্বাচনে প্রধানমন্ত্রীর ম্যান্ডেট পাওয়ায় তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। কপ-৩১-এর উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানান তিনি।

হুমায়ুন কবির জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রী, ওআইসির মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। এসব বৈঠকে ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অন্যদিকে মালদ্বীপের প্রেসিডেন্টও শিগগির বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। সিরিয়ার প্রেসিডেন্ট দেশটির পুনর্গঠন, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশের সহযোগিতা কামনা করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি সমর্থন অব্যাহত রাখার কথা জানানো হয়। কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দুই দেশের ঐতিহ্যগত সম্পর্কের পাশাপাশি বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়। দীর্ঘদিন লন্ডনে অবস্থানের কারণে সেখানের মেয়রও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানান প্রতিমন্ত্রী।

এর আগে উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে সরাসরি বিমান যোগাযোগ চালু, ভিসা প্রক্রিয়া সহজ করা এবং সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উজবেকিস্তান সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী আগামী বছরের কোনো এক সময়ে গ্রহণের সম্মতি জানান। চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গভীর করার পাশাপাশি জ্বালানি, ভারী শিল্প, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে চীনা বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা নিয়ে কথা হয়। এ সময় ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনসহ বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বেইজিংয়ের সহযোগিতা চাওয়া হয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ উল্লেখ করে হুমায়ুন কবির বলেন, মুসলিম বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের দীর্ঘদিনের জাতিসংঘ শান্তিরক্ষা অভিজ্ঞতার প্রয়োগ নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে। এ ছাড়া কপ-৩১-এর একটি পার্শ্ববৈঠকে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের সরকারি উদ্যোগ তুলে ধরে প্রযুক্তিগত সহযোগিতার কথা বলেন। বৃহস্পতিবার মূল সম্মেলনে প্রধানমন্ত্রী দেশের অগ্রাধিকার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার রূপরেখা তুলে ধরবেন বলে জানান প্রতিমন্ত্রী।