নভেম্বর ১২, ২০২৬, ০৪:৪১ এএম
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং একটি দ্বিতীয় বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে এক চীনা গুপ্তচর সন্দেহে এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে প্রতিষ্ঠানটি যখন বড় ধরনের কেলেঙ্কারির মুখে পড়েছে, ঠিক তখনই নতুন এই তথ্য সামনে এল। প্রতিবেদন প্রকাশের পর আফটার আওয়ার্স ট্রেডিংয়ে এনভিডিয়ার শেয়ারের দরপতন ঘটে।
প্রতিবেদন অনুযায়ী, জেনসেন হুয়াংয়ের সঙ্গে এনভিডিয়ার স্বাস্থ্যসেবা ব্যবসার প্রধান নির্বাহী কিম্বার্লি পাওয়েলের সম্পর্ক ছিল। চলতি বছরের মার্চ মাসে কোম্পানির একটি সম্মেলনের সময় একটি হোটেলের ভেতরে এই দুই শীর্ষ নির্বাহীকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। এক প্রত্যক্ষদর্শী সেই মুহূর্তের ছবি তুলতে গেলে এক নিরাপত্তা রক্ষী তাদের থামান এবং সেই ব্যক্তিকে একটি গোপনীয়তা চুক্তিতে স্বাক্ষর করার প্রস্তাব দেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত সপ্তাহে জেনসেন হুয়াং তার পরিবারের সদস্য ও এনভিডিয়ার কর্মীদের কাছে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। তবে সে সময় তিনি কারও নাম উল্লেখ করেননি। ওই ঘটনার প্রতিক্রিয়ায় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে যে তারা পুরো বিষয়টি খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত শুরু করেছে।
পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা বা এনভিডিয়ার কোনো গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে বলে বিশ্বাস করার মতো কোনো কারণ পর্ষদের নেই। তবে উপলব্ধ সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখবে পর্ষদের গঠিত তদন্ত কমিটি। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ এই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে ঘিরে একের পর এক এমন অভিযোগে প্রযুক্তি বিশ্বে আলোচনার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সন্দেহ প্রকাশ করেছিল যে অ্যালিস হুয়াং নামের এক নারী চীনা গোয়েন্দা হিসেবে কাজ করতে পারেন এবং তিনি বেইজিংয়ের শাসক দলকে তথ্য পাচার করে থাকতে পারেন। এই ঘটনার পর থেকেই মূলত এনভিডিয়া একটি বড় ধরনের কেলেঙ্কারির মুখে পড়ে এবং তা আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে আসে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন