নভেম্বর ১১, ২০২৬, ১১:৪১ পিএম
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১-এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন এবং পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের নেওয়া বিভিন্ন উদ্যোগের উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। বুধবার তুরস্কের স্থানীয় সময় বিকেল চারটা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন। আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলনে দেশের অবস্থান তুলে ধরতে প্যাভিলিয়নটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে উষ্ণ অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ। দেশের জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বিভিন্ন উদ্যোগের নানা দিক এ সময় মন্ত্রিপরিষদের এসব সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, তার বিস্তারিত প্রদর্শনী ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গেও তিনি কথা বলেন এবং তাদের কাজের খোঁজখবর নেন। এ সময় প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত বিভিন্ন পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে তিনি জানতে চান।
সংশ্লিষ্ট ব্যক্তিরা প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নের সামগ্রিক কার্যক্রম এবং প্রদর্শনীতে স্থান পাওয়া বিষয়গুলো সম্পর্কে অবহিত করেন। জলবায়ু পরিবর্তনের জেরে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কীভাবে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে এবং টেকসই উন্নয়নে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা বিশ্বমঞ্চে তুলে ধরতে এমন আয়োজন বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন