বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানোর কথা ভাবছে সরকার

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ১১:২৫ পিএম

মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও সামাজিক নিরাপত্তা সুবিধা বাড়ানোর কথা ভাবছে সরকার

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি

মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা সুবিধা আরও সম্প্রসারণের কথা বিবেচনা করছে সরকার। জাতীয় সংসদে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এ কথা জানান। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নানের এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন। মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করতে মন্ত্রণালয় সারা দেশে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় ৯৯ জন মুক্তিযোদ্ধাকে সরকার নিয়মিত মাসিক সম্মানী ভাতা প্রদান করছে। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের আবাসন সংকট নিরসনেও সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংসদকে জানান তিনি।

মন্ত্রী জানান, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় ইতোমধ্যে নাসিরনগরে ১৩ জন মুক্তিযোদ্ধা অথবা তাঁদের পরিবারের জন্য বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক সম্পূর্ণ নতুন একটি প্রকল্প প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পরিকল্পনা কমিশনে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি। প্রস্তাবিত এই প্রকল্পটি চূড়ান্তভাবে প্রণীত হলে দেশের আরও বেশি সংখ্যক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার আবাসন সুবিধার আওতায় আসবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধের সহযোগীদের কল্যাণে হাটবাজারের ইজারালব্ধ আয়ের চার শতাংশ ব্যয়সংক্রান্ত নীতিমালা, ২০২৫-এর আওতায় সরকার নিয়মিতভাবে দেশের সব সরকারি হাসপাতাল এবং ২৪টি বিশেষায়িত হাসপাতালে অর্থ বরাদ্দ দিচ্ছে। এসব বিশেষায়িত হাসপাতালের মধ্যে তিনটি বেসরকারি হাসপাতালেও এই সুবিধা চালু রয়েছে। বর্তমান নীতিমালা অনুযায়ী, উপজেলা পর্যায়ের হাসপাতালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সহযোগীরা বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ের হাসপাতালে ২০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ের হাসপাতালে ৩০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা সহায়তা পেয়ে থাকেন।

এ ছাড়াও বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় বছরে সর্বোচ্চ এক লাখ টাকা এবং জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার বিধান রয়েছে। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি তাঁদের স্বামী বা স্ত্রীরাও এই চিকিৎসা সহায়তার আওতায় অন্তর্ভুক্ত রয়েছেন। তাঁরা উপজেলা পর্যায়ের হাসপাতালে বছরে সর্বোচ্চ ১০ হাজার টাকা, জেলা পর্যায়ে ২০ হাজার টাকা এবং বিভাগীয় পর্যায়ে ৩০ হাজার টাকা পর্যন্ত সহায়তা পান। বিশেষায়িত হাসপাতালে সাধারণ রোগের চিকিৎসায় তাঁদের জন্য বছরে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং জটিল রোগের চিকিৎসায় সর্বোচ্চ দুই লাখ টাকা সহায়তা নির্ধারিত রয়েছে। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের উন্নত ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতেই সরকার এসব কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রেখেছে বলে জানান মন্ত্রী।