নভেম্বর ১১, ২০২৬, ০৯:১৭ পিএম
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দা ও মোবাইল ফোনসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীন মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস ও ১২৮২/৯-এসের মধ্যবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ভারতের নাগরিক বাতিম তুতা ও টেম্পো। বিজিবি সূত্রে জানা যায়, তারা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে আনারস বাগান নামক এলাকায় প্রবেশ করেন। এ সময় ওই এলাকায় টহলরত বিজিবির সদস্যরা তাদের আটক করেন।
আটকের সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অস্ত্রসহ বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক দুই ভারতীয় নাগরিককে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গুলি ও অন্যান্য সরঞ্জামসহ ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন