নভেম্বর ১১, ২০২৬, ০৮:০৯ পিএম
বাংলাদেশে রাজনৈতিক আন্দোলনের সময় সংঘটিত অপরাধগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোরালো গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ। জাতিসংঘের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন কর্তৃক নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত সব অপরাধের জবাবদিহি নিশ্চিত করা জরুরি।
নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মঙ্গলবার আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসের উপমুখপাত্র ফারহান হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই কথা জানান। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন—যা নির্ভরযোগ্য গণমাধ্যম এবং জাতিসংঘের তথ্য অনুসন্ধান মিশন দ্বারা প্রমাণিত। বর্তমানে তার সমর্থকরা ফের বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, এ বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?
উত্তরে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক জানান, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো মন্তব্য না করলেও জাতিসংঘ তথ্য অনুসন্ধান মিশন কর্তৃক নথিভুক্ত অপরাধসহ বাংলাদেশে সংঘটিত অপরাধগুলোর জবাবদিহির ওপর বারবার জোর দিচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে সব রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তিত্বের অবাধ অংশগ্রহণের স্বাধীনতা থাকা উচিত বলেও তারা বিশ্বাস করেন।
এর আগে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত তদন্ত প্রতিবেদনে ২০২৪ সালের জুলাই ও আগস্টে বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তারিত তথ্য উঠে আসে। ওই প্রতিবেদনে আন্দোলন দমনে হত্যা, নির্যাতন, কারাবন্দি ও অমানবিক কর্মকাণ্ড চালানোর মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হওয়ার যুক্তিসংগত ভিত্তি ও প্রমাণিত তথ্য পাওয়ার কথা বলা হয়। নিরাপত্তা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে অতিরিক্ত বলপ্রয়োগের পেছনে তৎকালীন সরকারপ্রধান ও সংশ্লিষ্ট মন্ত্রীদের সরাসরি নির্দেশ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
এছাড়াও প্রতিবেদনে জানানো হয়, ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মাঝামাঝি সময় পর্যন্ত চলা ওই আন্দোলনে এক হাজার চার শ জনেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হন। এর মধ্যে প্রায় ৭৮ শতাংশ মৃত্যুর কারণ ছিল গুলি, যার ৬০ শতাংশই ছিল যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারী অস্ত্রের গুলি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন