নভেম্বর ১১, ২০২৬, ০৫:২০ পিএম
সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট চলাচল স্থগিত রাখার মেয়াদ বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এই রুটে বিমানের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।
বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের সাম্প্রতিক হামলাজনিত পরিস্থিতি এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সৌদিগামী ফ্লাইট পরিচালনার বিষয়ে আগের সিদ্ধান্ত আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বহাল রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে ঢাকা-জেদ্দা-ঢাকা, ঢাকা-দাম্মাম-ঢাকা ও ঢাকা-মদিনা-ঢাকা রুটে পূর্বঘোষিত সিদ্ধান্ত ও নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত থাকবে।
টিকিট পরিবর্তন, রিফান্ড ও ভ্রমণসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন