মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬,

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট শুরু সাত নভেম্বর ও রিয়াদ ফ্লাইট স্থগিত

জাতীয় ডেস্ক

নভেম্বর ৩, ২০২৬, ০৬:০০ পিএম

দাম্মাম রুটে বিমানের ফ্লাইট শুরু সাত নভেম্বর ও রিয়াদ ফ্লাইট স্থগিত

সৌদি আরবের দাম্মাম রুটে আগামী ৭ নভেম্বর থেকে পুনরায় নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মঙ্গলবার (৩ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার প্রেক্ষাপটে সামগ্রিক আকাশসীমার নিরাপত্তা ও ভ্রমণকারী যাত্রীদের সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার সময়সূচিতে এই পুনর্বিন্যাস এনেছে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি।

নতুন নির্দেশনা অনুযায়ী, ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন শুধুমাত্র দিনের বেলায় ফ্লাইট পরিচালিত হবে। পরবর্তী কোনো নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই দিনের বেলার সূচি বহাল থাকবে।

অন্যদিকে দাম্মাম রুটে ফ্লাইট ফিরলেও ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট আপাতত স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে রিয়াদগামী যাত্রীদের একটি বড় অংশ ইতিমধ্যে বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত শুরু করেছেন। এর ফলে সরাসরি ঢাকা-রিয়াদ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। যাত্রী সংকটের বাস্তবতায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত থাকবে।

টিকিট রি-ইস্যু, রিফান্ড কিংবা ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুমোদিত সেলস সেন্টারে যোগাযোগের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।