বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৭:০৯ পিএম

সারের ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ, সংসদে হট্টগোল

জাতীয় সংসদ ভবন

জাতীয় সংসদে সারের ডিলার নিয়োগে দলীয়করণ, স্বজনপ্রীতি ও নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে এই অভিযোগ করেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সারের ডিলার নিয়োগ নিয়ে মন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় সংসদে দফায় দফায় হট্টগোল ও উচ্চস্বরে চেঁচামেচি শুরু হয়। পরে ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

প্রশ্নোত্তর পর্বে সারের ডিলার নিয়োগে সংসদ সদস্যদের স্বজনদের ডিলারশিপ দেওয়ার তীব্র সমালোচনা করেন হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, সারের ডিলারদের একটি বড় অংশে দলীয় নেতাকর্মীদের স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজনরা স্থান পেয়েছেন। এমনকি নাটোরের একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে অভিযুক্ত এক সংসদ সদস্যের সন্তানও সারের ডিলারশিপ পেয়েছেন বলে সংসদে উল্লেখ করা হয়। সারা দেশে ডিলার নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম হয়েছে এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা অর্থের বিনিময়ে ডিও দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া বিগত সরকারের আমলে সার ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যাতে নতুন করে সুযোগ পান, মন্ত্রণালয় থেকে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছিল কি না, তা নিয়ে কৃষিমন্ত্রীর কাছে সুনির্দিষ্ট ব্যাখ্যা চান এই সংসদ সদস্য। এসব নিয়োগ সুপরিকল্পিত ছিল কি না এবং ডিলারশিপগুলো পুনরায় পর্যালোচনা করা হবে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

বিরোধী দলের সদস্যের এসব প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ বক্তব্য দিতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রী তাঁর বক্তব্যে ডিলার নিয়োগের প্রক্রিয়াকে ‍‍`উৎসব‍‍` হিসেবে উল্লেখ করলে বিরোধী দলের সদস্যরা তাৎক্ষণিকভাবে তীব্র অসন্তোষ প্রকাশ করেন এবং হৈচৈ শুরু করেন। কৃষিমন্ত্রী বোঝাতে চান যে উৎসবকে তিনি ইতিবাচক অর্থে দেখছেন, তবে তার এই মন্তব্য বিরোধী শিবিরে আরও ক্ষোভের জন্ম দেয়। হট্টগোলের মধ্যেই কৃষিমন্ত্রী দাবি করেন, নিয়ম মেনে এবং সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রেখেই সারের ডিলার নিয়োগ করা হয়েছে।

ডিলার নিয়োগের প্রক্রিয়া ব্যাখ্যা করে কৃষিমন্ত্রী জানান, এই পুরো প্রক্রিয়ার জন্য উপজেলা ও জেলা পর্যায়ে দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছিল। উপজেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা পর্যায়ের কমিটির নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসক। মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্ট নির্দেশনা ও বিধিমালা পাঠানো হয়েছিল এবং সেই নিয়ম অনুসরণ করেই মাঠপর্যায়ে আবেদন যাচাই-বাছাই করা হয়েছে বলে জানান তিনি। প্রথমে জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন জমা পড়ার পর তা উপজেলায় পাঠানো হয় এবং উপজেলা কৃষি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত কমিটি তা যাচাই করে।

মন্ত্রীর বক্তব্য চলাকালেও বিরোধী দলের সদস্যরা হট্টগোল অব্যাহত রাখেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করেন ডেপুটি স্পিকার। তিনি বিরোধী দলের চিফ হুইপকে উদ্দেশ্য করে বলেন, সংসদ সদস্যদের যেমন কথা বলার অধিকার রয়েছে, তেমনই মন্ত্রীর জবাব শোনারও ধৈর্য থাকতে হবে। বিরোধীদলীয় নেতা না থাকায় সংসদ সদস্যদের শৃঙ্খলার মধ্যে রাখার দায়িত্ব চিফ হুইপের বলেও মন্তব্য করেন তিনি। ডেপুটি স্পিকারের আহ্বানে এবং শৃঙ্খলার মধ্য দিয়েই পরবর্তীতে সংসদের পরিবেশ স্বাভাবিক হয়।