বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পটিয়ায় দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট

জাতীয় ডেস্ক

নভেম্বর ১১, ২০২৬, ০৫:৪৯ পিএম

পটিয়ায় দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট

প্রতীকী ছবি

চট্টগ্রামের পটিয়ায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মো. ফোরকান (২৯) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে ৫৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার মধ্যরাতে পৌরসদরের ইন্দ্রপুল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ওই ব্যবসায়ী গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ব্যবসায়ী উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের হাফেজ আবুজাফরের পুত্র। তিনি পৌরসদরের মুন্সেফ বাজার এলাকায় শাহগদী এন্টারপ্রাইজ নামের একটি মুদি দোকানের মালিক। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ঘটনার দিন রাতেও দোকান বন্ধ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফোরকান। রাত আনুমানিক ১২টার দিকে ইন্দ্রপুল এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচজন অজ্ঞাত যুবক তার পথরোধ করে।

দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। একপর্যায়ে তার সঙ্গে থাকা নগদ ৫৭ হাজার টাকা লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত ফোরকানের আত্মীয় মোহাম্মদ তানভীর জানিয়েছেন, এটি পূর্বশত্রুতার জেরে হামলার ঘটনা নাকি নিছক ছিনতাই, তা তদন্ত করে বের করা প্রয়োজন। তিনি এই ঘটনার সুষ্পষ্ট তদন্ত ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক জানান, ভুক্তভোগীর পরিবার ঘটনার বিষয়টি পুলিশকে অবহিত করেছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।