শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬,

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি : পার্থ

জাতীয় ডেস্ক

এপ্রিল ২৮, ২০২৬, ০৯:১৬ পিএম

আমরা রাজাকারের সঙ্গে যুদ্ধ করেছি : পার্থ

সংসদে ব্যারিস্টার পার্থ

বাংলাদেশকে হিন্দু-মুসলমান বা আমেরিকা-রাশিয়ায় ভাগ করা যাবে না বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। মঙ্গলবার (২৮ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

ব্যারিস্টার পার্থ বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে কার সঙ্গে যুদ্ধ করেছি তা স্পষ্ট করতে হবে। মুক্তিবাহিনী হাওয়ার সঙ্গে যুদ্ধ করেনি, তারা যুদ্ধ করেছে রাজাকারের সঙ্গে। এসময় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসা প্রসঙ্গেও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন।

পার্থ আরও বলেন, জুলাই বিপ্লবকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনীতি করার সুযোগ নেই। যারা এই বিপ্লবকে জঙ্গি আখ্যা দেয়, তাদের বিচারের মুখোমুখি না করা পর্যন্ত রাজনীতিতে আসার সুযোগ দেওয়া হবে না বলে তিনি উল্লেখ করেন।

এর আগে এদিন দুপুরে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যের সূত্র ধরে সংসদে সরকারি ও বিরোধীদলের মধ্যে উত্তাপ ছড়িয়ে পড়ে। ফজলুর রহমান দাবি করেছিলেন যে, কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য জামায়াতে ইসলামী করতে পারে না।তার এই বক্তব্যের কড়া প্রতিবাদ জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শফিকুর রহমান বলেন, মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে ফজলুর রহমানের মন্তব্য তার নাগরিক অধিকারের ওপর হস্তক্ষেপ। 

তিনি বলেন, কোন দল বা আদর্শ অনুসরণ করবেন সেটি তার ব্যক্তিগত অধিকার এবং সংবিধান এই স্বাধীনতা তাকে দিয়েছে।শফিকুর রহমান আরও বলেন, সংসদ সদস্য ফজলুর রহমান তার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে গুরুতর অপরাধ করেছেন। তিনি তার বক্তব্যটি সংসদের কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান। পুরো অধিবেশন জুড়েই মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক আদর্শ নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় বিতর্ক ও হট্টগোল চলতে থাকে।