অক্টোবর ৩০, ২০২৬, ১১:২০ পিএম
ব্রেস্ট ক্যানসার প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা তৈরি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে ট্যালেন্ট শার্পনার আয়োজিত ‘পিংক ওয়েলবিয়িং: আ জার্নি অব ব্রেস্ট ক্যান্সার’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘স্ট্রঙ্গার টুগেদার ফর আ হেলদিয়ার টুমরো’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সমাবেশে তিনি বলেন, দেশের নারীদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরে সমন্বিত সচেতনতামূলক কার্যক্রম দ্রুত সম্প্রসারণ করতে হবে।
চিফ হুইপ উল্লেখ করেন, বাংলাদেশের সবচেয়ে বড় ও মূল্যবান জাতীয় সম্পদ হলো এ দেশের বিপুল কর্মক্ষম জনগোষ্ঠী।
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি নাগরিককে দক্ষ, শারীরিকভাবে সুস্থ এবং স্বাবলম্বী মানবসম্পদে রূপান্তরিত করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছেন।
দেশের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী হওয়ায় তাদের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করা যেকোনো জাতীয় উন্নয়ন পরিকল্পনার জন্য অপরিহার্য শর্ত।
ব্রেস্ট ক্যানসার ও সার্ভাইক্যাল ক্যানসারকে বর্তমান প্রেক্ষাপটে নারীদের অন্যতম প্রধান স্বাস্থ্যঝুঁকি হিসেবে চিহ্নিত করেন নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, স্কুল-কলেজপড়ুয়া নারী শিক্ষার্থী ও তরুণীদের প্রজনন স্বাস্থ্য, জটিল রোগের প্রাথমিক লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে সচেতন করে তোলা জরুরি।
একই সঙ্গে ক্যানসার বা শারীরিক অসুস্থতা নিয়ে সমাজে প্রচলিত যাবতীয় সামাজিক ট্যাবু, অন্ধবিশ্বাস ও সংকোচ দূর করতে হবে।
সরকারি বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজগুলোতে ক্যানসার সচেতনতামূলক প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ও সুপারিশ পাওয়া গেলে তা সরাসরি প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর টেবিলে উপস্থাপন করা হবে।
প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা সম্ভব হলে আধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা বহুগুণ বৃদ্ধি পায়, তাই নিয়মিত পরীক্ষা করাতে নারীদের সবসময় উৎসাহিত করতে হবে।
ডিজিটাল প্ল্যাটফর্মের ইতিবাচক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি যুক্ত করে সাধারণ মানুষের জন্য সহজবোধ্য ও বিশ্বাসযোগ্য স্বাস্থ্যতথ্য নিয়মিত প্রচারের পরামর্শ দেন।
একজন মা শারীরিকভাবে সুস্থ থাকলে পুরো পরিবার ও সমাজ সুস্থ থাকে বলে তিনি স্মরণ করিয়ে দেন।
চিফ হুইপ বলেন, ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নারী এবং এই মরণব্যাধি জয় করে সুস্থ জীবনে ফিরে আসা নারীদের পাশে মানবিক সহানুভূতি নিয়ে দাঁড়ানো আমাদের সবার সামাজিক দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বিথিকা বিনতে হোসাইন।
সমাবেশের দ্বিতীয় পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সক্রিয় অংশগ্রহণে একটি উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
সেখানে চিকিৎসকেরা ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক উপসর্গ, আধুনিক রোগ শনাক্তকরণ পদ্ধতি, প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা, সমন্বিত চিকিৎসা ব্যবস্থাপনা এবং আক্রান্ত রোগীদের দৈনন্দিন মানসিক ও শারীরিক যত্ন নিয়ে বিশদ বৈজ্ঞানিক দিকনির্দেশনা প্রদান করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন