শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
নারী স্বাস্থ্য সুরক্ষা

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০৮:২০ পিএম

নারীর স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রাথমিক চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে। শুক্রবার (৩০ অক্টোবর) নরসিংদীর মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এই তথ্য জানান।

তিনি উল্লেখ করেন, নিয়োগপ্রাপ্ত এসব মিডওয়াইফ দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যানসারসহ নানা জটিল রোগের প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শ প্রদানে কার্যকর ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে অসহায় ও দুস্থ মহিলা, কর্মজীবী নারী এবং মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

স্তন ও জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগ দুটি যদি একেবারে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা যায়, তবে উপযুক্ত ও সময়মতো চিকিৎসার মাধ্যমে রোগীর পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা অনেক বেশি থাকে।

এই লক্ষ্যকে সামনে রেখে স্তন ক্যানসার বিষয়ে সার্বিক সচেতনতা তৈরিতে সরকারি ও বেসরকারি উভয় পর্যায়ের নারী শিক্ষার্থী এবং শিক্ষিকাদের বিশেষ কাউন্সেলিংয়ের আওতায় আনার কার্যকর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

জরায়ুমুখের ক্যানসার রোধে সরকার ইতিমধ্যে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে দেশব্যাপী টিকাদান কর্মসূচি চালু করেছে। নারীদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা জোরদার এবং মারাত্মক ক্যানসারের ঝুঁকি ক্রমান্বয়ে কমিয়ে আনতে এসব পদক্ষেপ ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক ও দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে সরকারের নীতিগত অবস্থান তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি স্পষ্টভাবে বলেন, বহির্বিশ্বে বাংলাদেশের অসংখ্য বন্ধু রাষ্ট্র থাকবে, কিন্তু কোনো প্রভু মেনে নেওয়া হবে না। আয়তনের দিক থেকে দেশ ছোট হলেও ভৌগোলিক অবস্থানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব অপরিসীম।

তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, বাংলাদেশের এক ইঞ্চি মাটির ওপরও কারও কোনো ধরনের প্রভুত্ব মেনে নেওয়া হবে না এবং দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও ভৌগোলিক সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ।

মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইলাতুল হোসেন এবং মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা।

রাজনৈতিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ প্রমুখ।

বক্তব্য শেষে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট এলাকার সুবিধাবঞ্চিত ও কৃতী তিনশত জনের মাঝে আনুষ্ঠানিকভাবে সেলাই মেশিন ও ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন।