শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
এতিম শিক্ষার্থী সহায়তা

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম পাবে সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

জাতীয় ডেস্ক

অক্টোবর ৩০, ২০২৬, ০৫:৪০ পিএম

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ১ লাখ এতিম পাবে সহায়তা: সমাজকল্যাণমন্ত্রী

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় দেশের এক লাখ এতিম শিক্ষার্থীকে বিশেষ সহায়তা দেওয়া হবে। শুক্রবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের পটিয়া উপজেলার আল জামেয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসার দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ও দস্তারবন্দী অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

তিনি উল্লেখ করেন, সমাজের অবহেলিত এতিম ও দুস্থ মানুষের সার্বিক কল্যাণে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাবে। এতিমদের লালন-পালনের দায়িত্ব রাষ্ট্রের বলে স্মরণ করিয়ে দেন সমাজকল্যাণমন্ত্রী।

তিনি বলেন, এই সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব পালনে সরকার সর্বোচ্চ ভূমিকা রাখার আন্তরিক চেষ্টা চালাচ্ছে। এতিম ও দুস্থদের কল্যাণে সরকার ইতিমধ্যে বহুমুখী সামাজিক নিরাপত্তা কর্মসূচি গ্রহণ করেছে। সেই ধারাবাহিকতাতেই এক লাখ এতিম ও দুস্থ শিশুর কাছে সরাসরি সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি অনাথ শিশুদের জন্য পরিচালিত সরকারি কার্যক্রমের সার্বিক পরিধি আরও সম্প্রসারণ করা হচ্ছে। তবে এই মহৎ সামাজিক দায়িত্ব কেবল সরকারের একার পক্ষে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি সমাজের ধনী ও বিত্তশালীদেরও মুক্তহস্তে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানান।

কওমি মাদ্রাসা শিক্ষার ঐতিহাসিক গুরুত্ব ও প্রাসঙ্গিকতা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, কওমি মাদ্রাসায় ধর্মীয় পাঠ শেষ করে বহু আলেম দেশের ধর্মীয় ও আধ্যাত্মিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সমাজে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের বিস্তার ঘটাতে কওমি মাদ্রাসা শিক্ষার অবদান অপরিসীম।

মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মো. খোবাইবের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান, হেফাজতে ইসলামের আমির আল্লামা মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী, মাওলানা জুনাইদ আল হাবিব, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা মেরাজুল হক, মুফতি আরশাদ রহমানি, পাকিস্তানের আল্লামা ফয়সাল নদীম, মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা এবং মুফতি শিহাব উদ্দীন নাটোরী।

সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য দেন চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান ইদ্রিস মিয়া, শিল্পপতি আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুস সালাম, শিল্পপতি ফেরদৌস ওহিদ বাপ্পী, শিল্পপতি সামশুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব খোরশেদ আলম, বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা ওয়াহিদুল আলম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেনসহ অন্যরা।

জুমার নামাজের পর মুসলিম উম্মাহ এবং দেশ ও জাতির ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ আখেরি মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী।