শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
মানবিক উদ্যোগ

পঞ্চগড়ে মেহমানখানা চালু, প্রতি শুক্রবার বিনামূল্যে খাবার পাবেন দুস্থরা

আবু সালেহ মোঃ রায়হান

অক্টোবর ৩০, ২০২৬, ০৬:১৬ পিএম

পঞ্চগড়ে মেহমানখানা চালু, প্রতি শুক্রবার বিনামূল্যে খাবার পাবেন দুস্থরা

ছবি: দিনাজপুর টিভি

পঞ্চগড়ে মেহমানখানা কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দূরদূরান্ত থেকে শহরে আসা দরিদ্র মুসাফির, ভিক্ষুক ও অসহায় পথচারীদের মুখে ভালো খাবার তুলে দেওয়ার লক্ষ্য নিয়ে শুক্রবার দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেটে এই উদ্যোগের উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি শুক্রবার জুমার নামাজের পর সেখানে নিয়মিতভাবে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হবে।

অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিভিন্ন পেশার একদল মানবিক মানুষ ব্যতিক্রমী এই আয়োজনের দায়িত্ব গ্রহণ করেছেন।

উদ্যোগটির কাঠামো অনুযায়ী, প্রত্যেকে বছরে একদিন করে এই কর্মসূচির যাবতীয় দায়িত্ব ও খরচ বহন করবেন। এভাবে পর্যায়ক্রমে বছরের ৫২ সপ্তাহেই ধারাবাহিকভাবে চলবে মেহমানখানার খাবার বিতরণ কার্যক্রম।

প্রাথমিকভাবে ৫২ জন উদ্যোক্তার অংশগ্রহণে এই সামাজিক কাজ শুরু হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতে নতুন কোনো বিত্তবান বা মানবিক ব্যক্তি এই উদ্যোগে শামিল হতে চাইলে কর্মসূচির পরিধি আরও সম্প্রসারণ করা হবে। পুরো উদ্যোগটি সরাসরি পরিচালিত হচ্ছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ‘দারিদ্র্য কল্যাণ সংস্থা’র মাধ্যমে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর পাশাপাশি অন্যদেরও এ ধরনের জনকল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করাই এই মেহমানখানার মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারিদ্র্য কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজালাল, অবসরপ্রাপ্ত টিঅ্যান্ডটি কর্মকর্তা হেজারুল প্রধান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ খান ও আনিসুর রহমান।

অনুষ্ঠানে আরও অংশ নেন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক মাইনুল হক, আফরোজা বেগম, তবিরুল ইসলাম মানিক ও হারুন অর রশিদসহ কর্মসূচির অন্যান্য উদ্যোক্তারা।