অক্টোবর ৩০, ২০২৬, ০৬:০৭ পিএম
দিনাজপুরের বিরল সীমান্তে অভিযান চালিয়ে ১০১ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ২৯ অক্টোবর দিবাগত রাতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মাদক জব্দ করে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ এনায়েতপুর বিওপির একটি টহল দল।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ হাজার ৩০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সতর্ক টহল ও কঠোর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর বিওপির টহল দলটি সীমান্ত এলাকায় বিশেষ ফাঁদ পাতে। বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক ফেলে চোরাকারবারিরা পালিয়ে গেলে ফেলে যাওয়া মালামাল তল্লাশি করে ১০১ বোতল মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মদের বিষয়ে প্রয়োজনীয় আনুষ্ঠানিক আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একই সঙ্গে এই মাদক পাচারের চেষ্টার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় কড়া গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বাহিনীটি।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, মাদক কেবল একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পুরো পরিবার ও সমাজের ভবিষ্যৎকে তছনছ করে দেয়।
সীমান্ত গলিয়ে যেকোনো মূল্যে মাদকের অনুপ্রবেশ রোধ করা বিজিবির সর্বোচ্চ অগ্রাধিকারে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ জাতীয় অপতৎপরতা রুখতে সদস্যরা সম্পূর্ণ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মাঠে কাজ করে যাচ্ছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন