শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬,
রাজনৈতিক সম্প্রীতি

মির্জা ফয়সল আমিন জামায়াতের দেলাওয়ারের বাসায়, মিষ্টি খাইয়ে দিলেন

তানভীর হাসান তানু

অক্টোবর ৩০, ২০২৬, ০৫:২০ পিএম

মির্জা ফয়সল আমিন জামায়াতের দেলাওয়ারের বাসায়, মিষ্টি খাইয়ে দিলেন

ছবি: দিনাজপুর টিভি

ভোটের তীব্র প্রতিদ্বন্দ্বিতা পেছনে ফেলে অনন্য রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির নজির স্থাপন করলেন ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন। উপনির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ের পরদিন শুক্রবার সকালে তিনি সরাসরি চলে যান নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায়। এ সময় তাঁর হাতে ছিল শুভেচ্ছা ফুলের তোড়া।

দুই নেতা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান।

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন মির্জা ফয়সল আমিন। তাঁর বিপরীতে ১১ দলীয় জোটের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জামায়াত নেতা দেলাওয়ার হোসেন।

সৌজন্য সাক্ষাতের সময় মির্জা ফয়সল আমিন দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, উন্নত ও শান্তিপূর্ণ ঠাকুরগাঁও গড়ার আহ্বান জানান।

উন্নয়নের এই যৌথ আহ্বানে ইতিবাচক সাড়া দেন পরাজিত প্রার্থী দেলাওয়ার হোসেন। তিনি এলাকার যেকোনো গঠনমূলক ও জনকল্যাণমুখী কর্মকাণ্ডে পাশে থেকে পূর্ণ সহযোগিতা করার আশ্বাস দেন।

নির্বাচনী ময়দানে রাজনৈতিক বিরোধ থাকলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ঘরে গিয়ে এমন সৌজন্য প্রদর্শনকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। সাধারণ মানুষের প্রত্যাশা, রাজনৈতিক মতভিন্নতা ভুলে দুই নেতাই এলাকার সার্বিক উন্নয়ন ও জনআকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখবেন।