অক্টোবর ২৬, ২০২৬, ০৪:০৫ পিএম
ক্যান্সার চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আগামী দুই বছরের মধ্যে দেশের সব জেলা পর্যায়ে রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে। সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মহাখালীতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে `মেডিকেল ফিজিক্স` প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এই পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাঈদ ফারহাত আনোয়ারের সভাপতিত্বে মুখবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. গোলাম আবু জাকারিয়া।
স্বাস্থ্যমন্ত্রী জানান, ক্যান্সারের চিকিৎসাসেবা শুধু বিভাগীয় শহরকেন্দ্রিক না রেখে জেলা পর্যায়েও দ্রুত সম্প্রসারণের চেষ্টা চালাচ্ছে সরকার। জনগণের প্রত্যাশা পূরণ করতে দেশের স্বাস্থ্যখাতকে বাস্তবমুখী ও জনবান্ধব কাঠামোয় নতুনভাবে পুনর্গঠন করা হচ্ছে এবং এ লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রমও পুরোদমে এগিয়ে চলছে।
বিগত সময়ের তুলনায় স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উন্নত হয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানোন্নয়নের অংশ হিসেবে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। এর পাশাপাশি চিকিৎসার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হাসপাতালের সার্বিক পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার এবং রোগীদের খাবারের মানও বাড়ানো হয়েছে, যার ইতিবাচক প্রভাব সেবাগ্রহীতাদের সন্তুষ্টিতে স্পষ্ট হচ্ছে।
চিকিৎসাসেবায় বাংলাদেশ পিছিয়ে নেই দাবি করে মন্ত্রী মন্তব্য করেন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও উন্নত প্রযুক্তির সমন্বয় ঘটানোর ক্ষেত্রে দেশের এখনও আরও বিস্তর অগ্রগতির সুযোগ রয়েছে। অতীতের অনিয়ম ও অর্থ লুটের কারণে জাতীয় স্বাস্থ্যখাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল উল্লেখ করে তিনি জানান, বর্তমান সরকার সেই সংকট কাটিয়ে খাতটিকে সম্পূর্ণ নতুনভাবে পুনর্গঠনে কাজ করছে। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সংস্কার ও টেকসই উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের প্রত্যাশিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন