অক্টোবর ২৬, ২০২৬, ০৩:২৬ পিএম
জুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন। কাঠগড়ায় দাঁড়িয়ে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
অভিযোগ গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিচারক কাঠগড়ায় উপস্থিত আসামিদের কাছে জানতে চান, তারা দোষী নাকি নির্দোষ। বিচারকের প্রশ্নের জবাবে কাঠগড়া থেকে জুনাইদ আহমেদ পলক বলেন, তারা নির্দোষ, অবশ্যই নির্দোষ এবং নিরপরাধ। একই সঙ্গে তিনি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।
আদালত সূত্রে জানা গেছে, শুনানির সময় কারাগারে থাকা সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ নয়জন আসামিকে কড়া নিরাপত্তায় এজলাসে হাজির করা হয়। এ মামলায় আগে জামিন পাওয়া দুজন আসামিও আদালতে উপস্থিত ছিলেন। তবে জামিনে থাকা অপর আসামি বদিউল আলম শুনানিতে অনুপস্থিত থাকায় আদালত তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মামলার মোট ২২ জন আসামি শুরু থেকেই পলাতক থাকায় তাদের অনুপস্থিতিতেই বিচারিক কার্যক্রম পরিচালিত হয়।
আদালতে উপস্থিত ১১ জন আসামির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখি ও গাজী ফয়সাল ইসলামসহ কয়েকজন আইনজীবী মামলার দায় থেকে আসামিদের অব্যাহতির আবেদন জানিয়ে শুনানি করেন। তারা যুক্তি তুলে ধরে আদালতকে জানান, এজাহার ও অভিযোগপত্রে তাদের মক্কেলদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। ন্যায়বিচারের স্বার্থে তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনিসুর রহমান আসামিপক্ষের আবেদনের তীব্র বিরোধিতা করে অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন।
উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত ১১ জন আসামির অব্যাহতির আবেদন খারিজ করে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার পরবর্তী কার্যক্রম হিসেবে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মোহাম্মদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ট্রাকচালক মো. হোসেন। ওই ঘটনায় সাজ্জাদ ও শাহিন নামের আরও দুজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন।
ঘটনার পর নিহত হোসেনের মা বাদী হয়ে ২০২৪ সালের ৩১ আগস্ট শেখ হাসিনাসহ ১৬ জনের নাম উল্লেখ করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশের তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আকরামুজ্জামান গত বছরের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন