অক্টোবর ২৬, ২০২৬, ০৩:১২ পিএম
ডমেস্টিক থ্রি (ডি-থ্রি) ট্রফির জমজমাট খেলোয়াড় নিলামে অলরাউন্ডার সাব্বির রহমানকে দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। ত্রিশ লাখ পয়েন্ট ভিত্তিমূল্যের এই আক্রমণাত্মক ব্যাটারকে শেষ পর্যন্ত এক কোটি দুই লাখ পয়েন্টে দলে যুক্ত করে নিয়েছে ফরচুন। তারকা ক্রিকেটারদের দলে টানার ধারাবাহিকতায় দলটির এমন আগ্রাসী অবস্থান দেখা যায়।
`বি` ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্য থেকে সাব্বিরের সমান এক কোটি দুই লাখ পয়েন্টে আবদুল গাফফার সাকলাইন ও মাহিদুল ইসলাম অঙ্কনকে দলে ভিড়িয়েছে একমি। এই ক্যাটাগরিতে সাদমান ইসলাম অনিককে সেভেন রিংস সিমেন্ট এবং হাসান মুরাদকে সিটিজেনস ব্যাংক সমান ৪৫ লাখ পয়েন্টে দলে নিশ্চিত করেছে। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুবকে ৯৯ লাখ পয়েন্টে কিনে নিয়েছে ব্লুস্টার। অফস্পিনার নাঈম হাসান ৩০ লাখ এবং অলিস আল ইসলাম ৪৮ লাখ পয়েন্টে একমিতে যোগ দিয়েছেন। অভিজ্ঞ ব্যাটার মার্শাল আইয়ুবকে ৩৬ লাখে নিশ্চিত করে ওয়ালটন, আর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ৬৯ লাখ পয়েন্টে যোগ দেন ফরচুনে।
এর আগে তারকাখচিত `এ` ক্যাটাগরির নিলামে পেসারদের ঘিরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে রেকর্ড দুই কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নেয় সিটিজেনস ব্যাংক। অপরদিকে স্পিডস্টার তাসকিন আহমেদকে দুই কোটি ১০ লাখ পয়েন্টে নিশ্চিত করে ওয়ালটন।
দেশসেরা ওপেনার তামিম ইকবালের জন্য দলগুলোর মধ্যে দীর্ঘ দরকষাকষি চলে, শেষ পর্যন্ত তার মূল্য ওঠে দুই কোটি পয়েন্ট।
অন্যান্য শীর্ষ তারকাদের মধ্যে নাজমুল হোসেন শান্তকে ফরচুন কিনে নেয় এক কোটি ৫৫ লাখ পয়েন্টে। পেসার সাইফ হাসানকে এক কোটি ৯৫ লাখ পয়েন্টে দলে টানে সেভেন রিংস সিমেন্ট। ব্লুস্টার একই খরচে অর্থাৎ এক কোটি ৯৫ লাখ পয়েন্টে নিশ্চিত করে পেসার হাসান মাহমুদকে। এ ছাড়া নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে দলে ভেড়ায় ব্লুস্টার। মুমিনুল হককে ৮০ লাখে দলে নেওয়ার পর তার সতীর্থ হিসেবে এক কোটি ৫৫ লাখ পয়েন্টে উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে দলে যুক্ত করে ওয়ালটন।
ফরচুনে ৬০ লাখ পয়েন্টে যুক্ত হয়েছেন লেগস্পিনার রিশাদ হোসেন, যদিও টি-টোয়েন্টি টুর্নামেন্টের সময় তিনি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার কারণে এই আসরে উপস্থিত থাকবেন না। ফরচুন ৭৫ লাখ পয়েন্টে ওপেনার সৌম্য সরকারকেও নিশ্চিত করেছে। অন্যদিকে অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে দলে টানে সেভেন রিংস সিমেন্ট। নিলামের শুরুর দিকেই অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেড় কোটি পয়েন্টে কিনে নেয় ব্লুস্টার।
ডি-থ্রি টুর্নামেন্টের নিলামের চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছিলেন মোট ২৭৫ জন ক্রিকেটার। এর মধ্যে `এ` ক্যাটাগরিতে ২২ জন, `বি` ক্যাটাগরিতে ২৫ জন, `সি` ক্যাটাগরিতে ৭০ জন, `ডি` ক্যাটাগরিতে ৫২ জন এবং `ই` ক্যাটাগরিতে ১১২ জন ক্রিকেটার তালিকাভুক্ত হন।
নিলামের আগেই দলগুলোর ছয়জন আইকন ক্রিকেটারের নাম চূড়ান্ত করা হয়েছিল।
এতে একমির আইকন হিসেবে মোসাদ্দেক হোসেন সৈকত, সিটিজেন্স ব্যাংকের নাঈম শেখ, সেভেন রিংস সিমেন্টের মুশফিকুর রহিম, ব্লুস্টারের নুরুল হাসান সোহান, ফরচুনের তাওহীদ হৃদয় এবং ওয়ালটনের আইকন হিসেবে নাম লেখান অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আগামী ১৫ ডিসেম্বর তিন সংস্করণের এই ঘরোয়া টুর্নামেন্টের উদ্বোধনী পর্বের পর্দা উঠতে যাচ্ছে। উদ্বোধনী দিনেই বরিশালের মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হবে একমি ও ফরচুন। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৪৫ মিনিটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন