অক্টোবর ২৬, ২০২৬, ০২:৩০ পিএম
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান।
সোমবার (২৬ অক্টোবর) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সংসদ থেকে পদত্যাগ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি।
গত ১ অক্টোবর মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়েছিল। সেই শূন্য আসনে অনুষ্ঠিত হতে যাওয়া উপনির্বাচনে দলের প্রার্থী হিসেবে এলিজা জামানকে চূড়ান্ত করল বিএনপি।
বর্তমানে এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন