সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,
হত্যা মামলার বিচার

হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৬, ০২:৩২ পিএম

হত্যা মামলায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই গণআন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার বিশেষ জজ আদালত চারের বিচারক রবিউল আলম আসামিপক্ষের অব্যাহতির আবেদন নাকচ করে এই আদেশ দেন।

একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ২৫ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

আদালতের এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মো. আনিসুর রহমান। তিনি জানান, মামলার মোট ৩৪ জন আসামির মধ্যে শুরু থেকেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২২ জন পলাতক রয়েছেন। শুনানির সময় কারাগার থেকে সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ নয়জন আসামিকে কাঠগড়ায় হাজির করা হয়। জামিনে থাকা দুজন আসামিও আদালতে উপস্থিত ছিলেন। তবে অন্য মামলায় কারাগারে আটক থাকায় মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামানকে আদালতে উপস্থিত করা যায়নি।

শুনানিতে আসামিপক্ষের জ্যেষ্ঠ আইনজীবী এহসানুল হক সমাজী, ফারজানা ইয়াসমিন রাখী, আহসান হাবীব, খায়রুল ইসলাম ও তরিকুল ইসলামসহ আইনজীবীরা আসামিদের মামলা থেকে অব্যাহতির জোর আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ অব্যাহতির বিরোধিতা করে অভিযোগ গঠনের আর্জি জানায়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত আসামিদের আবেদন খারিজ করে অভিযোগ গঠন করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

এ ছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল।

মামলার অভিযোগ বিবরণী থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে প্রাণ হারান ট্রাকচালক মো. হোসেন। ওই দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন। পথে চাঁদ উদ্যান এলাকায় পৌঁছালে তিনি গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার দেড় মাস পর ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক ও তদন্তকারী কর্মকর্তা আকরামুজ্জামান ২০২৫ সালের ২৩ নভেম্বর শেখ হাসিনাসহ ৩৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।