অক্টোবর ২৪, ২০২৬, ০৭:৪৩ পিএম
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম কে আনোয়ারের নবম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিবসটি ঘিরে কুমিল্লার হোমনার বাসভবনে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিনের শুরুতেই মরহুমের কবর জিয়ারত সম্পন্ন হয়।
সকালে হোমনায় এম কে আনোয়ার ও তাঁর স্ত্রী মাহমুদা আনোয়ারের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁদের জ্যেষ্ঠ সন্তান মাহমুদ আনোয়ার কাইজার। এ সময় পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
পরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া সেখানে এসে মাহমুদ আনোয়ার কাইজার এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি বিশেষ কবর জিয়ারত ও পারিবারিক দোয়া মাহফিলে অংশ নেন।
অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহফুজুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, আলমগীর সরকার, পৌর বিএনপির সভাপতি ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং তিতাস উপজেলা বিএনপির সভাপতি উসমান গনিসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মরহুম এম কে আনোয়ার ১৯৩৩ সালের ১ জানুয়ারি কুমিল্লার হোমনা উপজেলার ওপারচর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালের ঐতিহাসিক ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।
পরবর্তীকালে ১৯৫৬ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগ দেন এই রাজনীতিক। দীর্ঘ ৩৪ বছর সুনামের সঙ্গে সরকারি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন তিনি। বাংলাদেশ সরকারের সপ্তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবেও তিনি রাষ্ট্রীয় দায়িত্ব সম্পন্ন করেন।
১৯৯০ সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের পর তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। কুমিল্লা-১ ও পরবর্তীতে কুমিল্লা-২ আসন থেকে তিনি মোট পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সরকারের শিল্প, বাণিজ্য, নৌ-পরিবহন ও কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর ৮৪ বছর বয়সে ঢাকায় শেষনিশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন