অক্টোবর ২৩, ২০২৬, ০৬:৩৫ পিএম
রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে তিনি হাসপাতালের কেবিন ব্লকে যান।
পরিদর্শনের বিষয়ে রাজনৈতিক উপদেষ্টার একান্ত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, মির্জা আব্বাস দীর্ঘ সময় মন্ত্রীর পাশে ছিলেন এবং তার চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি ভূমিমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন।
এর আগে গত ২১ অক্টোবর সকালে নিজ এলাকা রাজশাহীতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মিনুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্তশূন্যতাসহ শারীরিক জটিলতা দেখা দিলে তাকে কয়েক ব্যাগ রক্ত দেওয়া হয়।
পরে অবস্থার অবনতি ঘটলে চিকিৎসকদের তাৎক্ষণিক সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন