শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
সড়ক দুর্ঘটনা

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৩, ২০২৬, ০৬:৪৮ পিএম

পঞ্চগড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নারীর মৃত্যু

ছবি: দিনাজপুর টিভি গ্রাফিক্স

পঞ্চগড়ের বোদায় বালুবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জুলেখা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার মাড়েয়া-পঞ্চগড় আঞ্চলিক সড়কের বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত জুলেখা বেগম বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের মাহানপাড়া গ্রামের আব্দুর কুদ্দুসের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে একটি দাওয়াতে অংশ নিতে ব্যাটারিচালিত অটোভ্যানে করে মাড়েয়া থেকে বোয়ালমারী যাচ্ছিলেন জুলেখা বেগম। পথিমধ্যে তাদের ভ্যানটি বারুনী সাত হাত কালীবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঝাঁকুনিতে তিনি ভ্যান থেকে সড়কের ওপর ছিটকে পড়েন।

ঠিক তখনই ট্রাকের চাকা তাকে পিষ্ট করে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ও বোদা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও এর চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আইনি প্রক্রিয়ার বিষয়ে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আনুষ্ঠানিক মামলা করার বিষয়ে অনীহা প্রকাশ করা হয়েছে। পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।