অক্টোবর ২৩, ২০২৬, ০৫:৪৭ পিএম
ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ জন বাংলাদেশিকে বিশেষ ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাদের বহনকারী বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফেরত পাঠানো নাগরিকদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের সমন্বয়ে ও ব্যবস্থাপনায় এই যৌথ প্রত্যাবাসন ফ্লাইটটি পরিচালিত হয়।
ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস এক আনুষ্ঠানিক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে।
বার্তায় স্পষ্ট করা হয় যে ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কঠোর ও শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করছে। একই সাথে নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসন প্রক্রিয়া বজায় রাখার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেছে দূতাবাস।
অবৈধ অভিবাসন চেষ্টার মারাত্মক ঝুঁকির বিষয়েও নাগরিকদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, যথাযথ ভিসা ছাড়া কেবল ইতালিতে পৌঁছানোর উদ্দেশ্যে মানব পাচারকারী চক্র, দালাল কিংবা চোরাকারবারিদের অর্থ দেওয়া সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অনিবন্ধিত তৎপরতার চূড়ান্ত পরিণতি হিসেবে নিজ দেশে বাধ্যতামূলক প্রত্যাবাসনের মুখোমুখি হতে হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের শেনজেনভুক্ত যেকোনো দেশে প্রবেশের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন