অক্টোবর ২৩, ২০২৬, ১২:১১ পিএম
সৌদি আরবে রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদের মরদেহ দেশে পৌঁছেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টা ৩৫ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
গত ১০ অক্টোবর কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ওই প্রাণঘাতী হামলা চালানো হয়।
হামলায় যে ১৩ জন নিহত হয়েছিলেন, তাদের মধ্যে শাহেদ আহম্মেদ ছিলেন অন্যতম। ওই একই হামলায় নিহত হন আরও এক বাংলাদেশি নাগরিক। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ও ওমরাহ ভিসাধারী মো. নাসরুল্লাহ বদরপুরি। এছাড়া ওই ঘটনায় আরও ২৭ জন বাংলাদেশি নাগরিক আহত হন।
শাহেদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে এই সহায়তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এর মধ্যে মরদেহ দাফন ও পরিবহন খরচ বাবদ ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। পাশাপাশি সংঘাতপূর্ণ পরিস্থিতিতে মর্মান্তিক প্রাণহানির শিকার হওয়ায় পরিবারটিকে বিশেষ আর্থিক অনুদান হিসেবে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন