অক্টোবর ২৩, ২০২৬, ১১:১৭ এএম
মার্কিন ওপেন-ওয়াটার সাঁতারু ক্যাথরিন ব্রিড ক্যালিফোর্নিয়ার পুরো ৯০০ মাইল দীর্ঘ সমুদ্র উপকূল একটানা সাঁতরে পাড়ি দিয়ে অনন্য এক ইতিহাস গড়েছেন। ৩৩ বছর বয়সী এই সাঁতারুর দীর্ঘ অভিযানের সমাপ্তি ঘটেছে মেক্সিকো সীমান্তে।
গত ১ জুলাই ওরেগন সীমান্ত থেকে রোমাঞ্চকর এই দূরপাল্লার অভিযান শুরু করেছিলেন ক্যাথরিন। টানা ১১১ দিনের কঠিন শারীরিক ও মানসিক লড়াই শেষে গত ১৯ অক্টোবর মেক্সিকোর টিজুয়ানা সীমান্তে এসে পৌঁছান তিনি। খোলা সমুদ্রে প্রতিদিন গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা পর্যন্ত একটানা সাঁতার কেটেছেন এই অদম্য ক্রীড়াবিদ। ঐতিহাসিক সাফল্য নিশ্চিত হওয়ার পর লস অ্যাঞ্জেলেস টাইমস ও নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ক্যাথরিন ব্রিড জানান, এই অর্জন তাঁর কাছে এখনও এক অবিশ্বাস্য স্বপ্নের মতো মনে হচ্ছে।
চার মাসের এই উন্মুক্ত সমুদ্রযাত্রা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জে ভরা। বৈশ্বিক আবহাওয়া পরিস্থিতি ‘এল নিনো’র কারণে সমুদ্রে তীব্র বৈরী পরিবেশ তৈরি হয়েছিল। প্রবল স্রোত আর বিরূপ বাতাসের কারণে বারবার দিক বদলাতে হওয়ায় তাঁর সাঁতারের মূল দূরত্ব এবং সময় দুটোই বেশ বেড়ে যায়। এর মাঝে সমুদ্রে এক ভয়াবহ বিপদের মুখোমুখি হতে হয়েছিল তাঁকে।
সাঁতার কাটার সময় অতর্কিতে সমুদ্রের দ্রুততম শিকারি হিসেবে পরিচিত একটি ‘মাকো হাঙর’ তাঁর একদম কাছে চলে আসে।
তবে হাঙরটি দেখতে পাওয়ার মাত্র ১০ সেকেন্ডের মধ্যে উপস্থিত বুদ্ধি ও দ্রুত তৎপরতায় ক্যাথরিনকে অক্ষত অবস্থায় নিজেদের ৫২ ফুট দীর্ঘ নৌকায় তুলে নেন ক্রু দলের ক্যাপ্টেন মেইসি ব্রিস্টো। ওয়ার্ল্ড ওপেন ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক কুইন ফিটজগেরাল্ড এই অভিযান প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে জানান, এল নিনোর মতো চরম বৈরী আবহে এমন দুঃসাহসিক ও উচ্চাভিলাষী লক্ষ্য অর্জন করা ক্যাথরিনের অসাধারণ শারীরিক সক্ষমতা ও মানসিক শক্তিরই প্রকাশ।
রেকর্ড গড়ার পর নিজের পুরো ক্রু দলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্যাথরিন। টানা প্রায় চার মাস সাগরের নোনা পানিতে থাকার পর আপাতত ছুটি কাটাতে মধ্য আমেরিকায় এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরবর্তীতে সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ এবং সাধারণ মানুষকে বড় স্বপ্ন অর্জনে অনুপ্রাণিত করতে নিজের এই রোমাঞ্চকর অভিযানের অভিজ্ঞতা তুলে ধরার পরিকল্পনা রয়েছে তাঁর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন