শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,
শক্তিশালী ভূমিকম্প

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২২, ২০২৬, ১০:৫৭ পিএম

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে রিখটার স্কেলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ৩৩ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় বলে নিশ্চিত করেছে চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি)। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, তিব্বতের উত্তরাঞ্চলীয় নাগকু অঞ্চলের বাচেন কাউন্টিতে এই কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়। এই কেন্দ্রস্থলটি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্পের তীব্রতায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দূরবর্তী ও পার্বত্য অঞ্চল হওয়ায় তাৎক্ষণিকভাবে কোনো ধরনের হতাহত বা ঘরবাড়ি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তর ইউএসজিএস জানিয়েছে, কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক শূন্য। পাহাড়ি উপত্যকা ও প্রত্যন্ত এলাকায় কম্পন আঘাত হানায় স্থানীয় ক্ষয়ক্ষতির সঠিক মাত্রা নিরূপণে কাজ শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা ও স্থানীয় উদ্ধারকারী দলগুলো ইতোমধ্যে দুর্গম এলাকাগুলোর সাথে যোগাযোগ স্থাপন এবং পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে।