বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তার রোধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ২২, ২০২৬, ১২:৫৯ পিএম

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তার রোধে বিশ্বনেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত যেন কোনোভাবেই আর বিস্তার লাভ করতে না পারে, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর ও জোরালো পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গাজায় চলমান নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের জন্য দীর্ঘস্থায়ী শান্তি ও সুবিচার নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি।

একই সঙ্গে দক্ষিণ লেবাননে চালানো নির্বিচার বিমান হামলার বিরুদ্ধে নিজেদের অনড় বিরোধিতার কথা স্পষ্ট করেছে মালয়েশিয়া।

বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে আনোয়ার ইব্রাহিম এই অবস্থান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ফিলিস্তিনিদের শান্তি ও ন্যায়বিচারের ন্যায্য দাবির প্রশ্নে মালয়েশিয়ার অবস্থান ঐতিহাসিক ও অবিচল। অবরুদ্ধ গাজা উপত্যকায় সাধারণ মানুষের ওপর চালানো আগ্রাসনের নিন্দা জানানোর পাশাপাশি লেবাননের ভূখণ্ডে নির্বিচার সামরিক হামলারও তীব্র প্রতিবাদ জানায় তার দেশ।

চলমান পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সীমানা পেরিয়ে আরও বড় আঞ্চলিক সংকটে রূপ নিতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেন মালয়েশিয়ার সরকারপ্রধান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সক্রিয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানান, সংঘাত যাতে নতুন কোনো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সেজন্য সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানিসহ উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছেন।

আনোয়ার ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী, প্রভাবশালী আঞ্চলিক নেতাদের সঙ্গে ধারাবাহিক এই আলোচনা চলমান নিরাপত্তা সংকটের গভীরতা এবং যুদ্ধের বিস্তার রোধে তাৎক্ষণিক সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তাকেই সামনে এনেছে।

মালয়েশিয়া ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পক্ষে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। গাজায় পরিচালিত ধারাবাহিক সামরিক অভিযান এবং নিরীহ বেসামরিক জনগোষ্ঠীর অবর্ণনীয় মানবিক দুর্ভোগের বিষয়ে দেশটির প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনে বারবার জোরালো প্রতিবাদ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্থিতিশীল করতে বৃহত্তর কূটনৈতিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি ফিলিস্তিনের সাধারণ মানুষের অধিকারের পাশাপাশি লেবাননের নাগরিকদের জানমালের সুরক্ষা ও টেকসই আঞ্চলিক শান্তির ওপর বিশেষভাবে জোর দেন।