অক্টোবর ২২, ২০২৬, ০১:৪৫ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠ যোগাযোগ ও সম্পর্কের সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শান্তিনগর মোড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
রাজনৈতিক সম্পর্কের দাবি তুলে রুহুল কবির রিজভী বলেন, আওয়ামী লীগের সাথে বিএনপির রাজনৈতিক আঁতাত রয়েছে বলে জামায়াত উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। প্রকৃতপক্ষে আওয়ামী লীগ জন্মগতভাবেই একটি অপপ্রচারকারী রাজনৈতিক দল এবং এখন তাদের সাথে আরেকটি গুপ্ত দল যুক্ত হয়েছে। তার দাবি, রাজনৈতিক কৌশল ও আচরণের দিক থেকে এই দুই দলের মধ্যে কোনো পার্থক্য নেই।
শান্তিপূর্ণ ধর্মীয় উৎসব নিয়েও কথা বলেন তিনি।
শারদীয় দুর্গাপূজা উদযাপনের সার্বিক পরিবেশ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের সর্বোচ্চ আন্তরিকতা, নিষ্ঠা ও কঠোর নজরদারির কারণে সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সব ধরনের আশঙ্কা ও ষড়যন্ত্র নস্যাৎ করে সরকার নির্বিঘ্ন পরিবেশে এই উৎসব সফলভাবে আয়োজন করতে সক্ষম হয়েছে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন