অক্টোবর ২১, ২০২৬, ০৮:১৭ পিএম
স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত থেকে দেশপ্রেমিক ও মেধাবী নতুন প্রজন্মকে সাথে নিয়ে সম্পূর্ণ নতুন ধারার একটি বিকল্প গণমাধ্যম গড়ে তোলার পরিকল্পনার কথা প্রকাশ করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। একই সাথে তথাকথিত দালাল গণমাধ্যম বর্জনের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিস্তারিত বার্তায় তিনি এই অবস্থানের কথা তুলে ধরেন। নিজের উদ্যোগে অনড় থাকার ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বার্তায় ইশরাক হোসেন উল্লেখ করেন, তারা বাংলাদেশপন্থী, মেধাবী ও দেশপ্রেমিক তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে বিকল্প ধারার এই গণমাধ্যম প্রতিষ্ঠা করবেন। তিনি আশঙ্কা প্রকাশ করে লেখেন, কিছু সংবাদপত্র, তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতা, অনলাইন প্ল্যাটফর্ম এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক গোষ্ঠী এই উদ্যোগকে বাধাগ্রস্ত করতে সচেষ্ট হতে পারে। তবে প্রতিকূলতা সত্ত্বেও তাদের উদ্যোগ সফল হবে এবং কায়েমি স্বার্থবাদীরা সময়ের ব্যবধানে হারিয়ে যাবে বলে তিনি দাবি করেন।
এলাকাবাসী ও সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন, আল্লাহ নির্ধারিত মৃত্যু ছাড়া স্বার্থান্বেষী কোনো গোষ্ঠী বা অপরাধচক্র তার অগ্রযাত্রাকে রুখতে পারবে না। দেশের অগ্রগতিকে স্তব্ধ করে রাখা চক্রগুলোকে উপেক্ষা করেই সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এই জনপ্রতিনিধি।
গণমাধ্যম প্রতিষ্ঠার পাশাপাশি ঢাকা-৬ নির্বাচনী এলাকায় মাদকের বিরুদ্ধে সমন্বিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে নতুন সংগঠন গঠনের ঘোষণাও দিয়েছেন তিনি।
এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি লেখেন, স্থানীয় সাধারণ মানুষদের সঙ্গে নিয়ে মাদকের বিস্তার রোধে একটি শক্তিশালী সামাজিক সংগঠন তৈরি করা হবে। এই প্ল্যাটফর্মটি স্থানীয় প্রশাসনের সাথে পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করে কাজ করবে। ঘনবসতিপূর্ণ এই অঞ্চলে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত কেবল কোনো একক আইন প্রয়োগকারী সংস্থার পক্ষে মাদক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে দিনাজপুর টিভি ডট কম-কে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্র।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন