বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,
সৈকতে প্রতিমা বিসর্জন

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে নামল আড়াই লাখ মানুষের ঢল

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৭:০৫ পিএম

কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে নামল আড়াই লাখ মানুষের ঢল

ছবি: সংগৃহীত

কক্সবাজার সমুদ্র সৈকতে ধর্ম-বর্ণ নির্বিশেষে আড়াই লাখেরও বেশি মানুষের মিলনমেলায় শারদীয় দুর্গোৎসবের প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। বুধবার বিকেলে গোধূলিলগ্নে আরতি পাঠ শেষে সুশৃঙ্খলভাবে বঙ্গোপসাগরের জলে একে একে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

স্থানীয় আয়োজক ও সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, বিগত বছরগুলোর তুলনায় এবার সমুদ্র সৈকতে মানুষের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। বেলা গড়াতেই সৈকত প্রাঙ্গণ জনসমুদ্রে পরিণত হয়। শুধু সনাতন ধর্মাবলম্বীরাই নন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ ও দূরদূরান্ত থেকে আসা পর্যটকরাও সম্প্রীতির এই মহোৎসবে শামিল হন।

বিদায়ের বিষাদের মাঝেও ভক্তদের প্রার্থনা ছিল অশুভ শক্তির বিনাশ এবং বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাত থেকে মানবজাতির মুক্তি। চার দিনের উৎসব শেষে ভক্তরা অঞ্জলি ও আরতির মাধ্যমে শান্তিময় ভবিষ্যতের প্রত্যাশা জানান।

বিসর্জন চলাকালে সাগরে ভাটা থাকায় দুর্ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়। সৈকতের নিয়ন্ত্রণ মঞ্চ থেকে মাইকিং করে পুণ্যার্থীদের নিরাপদ দূরত্বে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়।

নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে সৈকতজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলা হয়। বিশেষ করে সাগরে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নৌবাহিনীর প্রশিক্ষিত ডুবুরি দল এবং পেশাদার লাইফগার্ড সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।

সূর্যাস্তের রক্তিম আভায় বঙ্গোপসাগরের ঢেউয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে জেলায় এ বছরের শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।