বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২১, ২০২৬, ০৬:১৪ পিএম

পূজামণ্ডপে গান গেয়ে প্রত্যাহার হলেন পুলিশের সহকারী উপপরিদর্শক

সিলেটে শারদীয় দুর্গাপূজার মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় ইউনিফর্ম পরে গান পরিবেশন করায় সহকারী উপপরিদর্শক (এএসআই) উদয়ন ফারুককে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে জালালাবাদ থানা থেকে তাৎক্ষণিকভাবে সিলেট পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। একই সঙ্গে পুরো ঘটনাটি আনুষ্ঠানিকভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের জন্য সংশ্লিষ্ট থানার সহকারী কমিশনারকে (এসি) নির্দেশ দিয়েছে পুলিশ প্রশাসন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৯ অক্টোবর) রাতে সিলেট নগরীর ৮ নম্বর ওয়ার্ডের আখালিয়া নতুনবাজার সংলগ্ন ব্রাহ্মণশাসন সার্বজনীন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন এএসআই উদয়ন ফারুক। ওই সময় পূজা উদ্‌যাপন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে তিনি দায়িত্ব পালনের জন্য নির্ধারিত পোশাক পরেই মঞ্চে ওঠেন। মঞ্চে দাঁড়িয়ে তিনি জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের ‍‍`ওরে ওরে হাওয়ারে‍‍` গানটি পরিবেশন করেন।

ঘটনার সময় ধারণ করা একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় এবং বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. সাইফুল ইসলাম জানান, ওই পুলিশ সদস্য মণ্ডপে নিরাপত্তার আনুষ্ঠানিক দায়িত্বে ছিলেন। রাষ্ট্রীয় দায়িত্ব চলাকালে অন্য কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়া সরাসরি পেশাগত দায়িত্বে অবহেলার শামিল।

তিনি উল্লেখ করেন, শৃঙ্খলাভঙ্গের বিষয়টি নজরে আসার পরই তাঁকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তদন্ত কর্মকর্তার আনুষ্ঠানিক প্রতিবেদন পাওয়ার পর তাঁর বিরুদ্ধে পরবর্তী বিভাগীয় ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।